অস্ত্র যখন পানির বন্দুক!

পাপারাজ্জিদের মতো পাজির পা-ঝাড়া আর কেউ আছে! নিজের ছায়াকেও ফাঁকি দেওয়া যায়, কিন্তু পাপারাজ্জিদের এড়ানো? অসম্ভব! তিতিবিরক্ত হয়ে তারকারা কত কিছুই না করেছেন। তবে কারা ডেলাভিন বাতলে দিলেন দারুণ এক দাওয়াই। এখন থেকে তিনি অস্ত্র নিয়ে ঘুরবেন। বন্দুক। পাপারাজ্জিরা তিতিবিরক্ত করলেই টেনে দেবেন ট্রিগার। না, ভয় নেই। বন্দুক থেকে গুলি বেরোবে না, বেরোবে পানি!
পাপারাজ্জিদের সঙ্গে এই মডেল-অভিনেত্রীর লড়াইটা পুরোনো। সেটাই তুঙ্গে পৌঁছায় গত বুধবার। এক দাতব্য অনুষ্ঠানে ডেলাভিনের ‘আপত্তিকর’ ছবি তোলার চেষ্টা করেছিলেন এক পাপারাজ্জি। ক্ষুব্ধ হয়ে পরপর কয়েকটি টুইট করেন। লেখেন, ‘মানুষ নামের কিছু ক্যামেরাওয়ালা ঘৃণ্য জীব আমার স্কার্ট তোলা ছবি নেওয়ার চেষ্টা করেছিল। কী করা যায় ওদের? ডিম ছুড়ব?’

অনেকেই অনেক উপায় রি–টুইট করেন। তবে নিজেই বেছে নেন সবচেয়ে ভালো বুদ্ধি। গত শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, অন্ধকারে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে হেঁটে আসছেন ডেলাভিন আর তাঁর বান্ধবী। দুজনের হাতেই পানির বন্দুক। পাপারাজ্জিদের তাক করে সেখান থেকে তীব্র বেগে ছুড়ছেন পানি! পাপারাজ্জিরাও পিছু হটছেন! বুদ্ধি বটে! ইনডিপেনডেন্ট।