অ্যাটেনবরোকে জুরাসিক পার্কের শ্রদ্ধা

জুরাসিক পার্কের প্রতিষ্ঠাতা জন হ্যামন্ডই আর নেই। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের সেই আলোচিত ছবির অন্যতম প্রধান চরিত্র হ্যামন্ডকে সার্থকভাবে ফুটিয়ে তোলা রিচার্ড অ্যাটেনবরো মারা গেছেন মাত্র কদিন আগে। এরই মধ্যে আবার কাজ চলছে ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ ছবি জুরাসিক ওয়ার্ল্ড-এর। পরিচালক কলিন ট্রেভরোসহ ছবিটির কলাকুশলীরা শ্রদ্ধা জানিয়েছেন জুরাসিক পার্কের ‘রিং মাস্টার’কে।
অ্যাটেনবরোর চরিত্র হ্যামন্ডের একটি মূর্তির ছবি সম্প্রতি নিজের টুইটারে পোস্ট করেছেন ট্রেভরো। ছবির ক্যাপশনে ট্রেভরো লিখেছেন, ‘তাঁর স্মৃতিতে’। মূর্তিটি জুরাসিক ওয়ার্ল্ড ছবিতে দেখানো হতে পারে।
জুরাসিক পার্ক ছবিটি মুক্তির ২২ বছর পর ২০১৫ সালের জুনে মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড। সিরিজের প্রথম দুটি ছবি পরিচালনা করলেও তৃতীয় ও চতুর্থ ছবিতে স্পিলবার্গ কাজ করেননি। পিটিআই।