অ্যানিস্টোনের নামে মুরগি!

বেকারত্ব ঘোচাতে গড়ে তুলুন মুরগির খামার। স্বকর্মসংস্থানে লজ্জার কিছু নেই এবং অনুপ্রেরণা চাইলে নিতে পারেন জেনিফার অ্যানিস্টোনের কাছ থেকে। হলিউডের এত বড় তারকারও কিন্তু আছে মুরগির খামার।
শখ করেই মুরগি পোষেন অ্যানিস্টোন আর জাস্টিন থেরক্স। নিজেদের খামারে ১৭টি মুরগি আছে তাঁদের। শুধু তা-ই নয়, সদ্য জন্ম নেওয়া কিচকিচ আওয়াজ তোলা দুটি ফুটফুটে মুরগির বাচ্চার একটির নাম তাঁরা দিয়েছেন জাস্টিন, অন্যটির জেন—নিজেদের নামেই!
অ্যানিস্টোন বলেছেন, ‘প্রতিটিরই নাম দিতে চেয়েছিলাম। কিন্তু ১৭টি মুরগি, এতগুলো নাম কোথায় পাই? এদের মধ্যে দুটির নাম আমাদের দুজনের নামে দিয়েছি। অবশ্য ওই দুটিকে খুঁজেই পাইনি—সব কটি দেখতে যে একই রকম।’
মুরগি আর মুরগির ডিম—দুটিই ভীষণ পছন্দ এই জুটির। প্রতিদিন খাবারের মেন্যুতে ডিম থাকেই। ‘আমরা ফ্রিত্তাতা, কারবোনারা (পিৎজা ও নুড্ল্সের মতো খাবার) বানাই। জাস্টিন তো দারুণ পাস্তা বানাতে পারে। আমি সালাদ বা স্ন্যাকসও ডিম দিয়েই করি।’ বলেছেন ডিমপ্রেমী অ্যানিস্টোন। পিপল।