অ্যানিস্টোনের হৃদয়ে ক্ষরণ

মুখে একটা বারোমাসি হাসি শোভা এঁকে রাখেন বটে। কিন্তু জেনিফার অ্যানিস্টোনের সেই চিরচেনা হাসি নাকি কপূর্রের মতো উবে গেছে। যতই সম্পর্কের শেকড়টা বহু আগেই উপড়ে ফেলে আসুন, একসময় যে মানুষটা ছিল সবচেয়ে কাছের, বহু দূরে সরে যাওয়া সেই মানুষটা যখন অন্য কাউকে বিয়ে করে আরও দূরবর্তী হয়ে যায়; হৃদয়ে রক্তক্ষরণ হওয়াই স্বাভাবিক। সংবাদমাধ্যমের তাই কৌতূহল, কেমন দিন কাটছে ব্র্যাড পিটের সাবেক স্ত্রীর? এই বাড়তি কৌতুহল নিয়ে অবশ্য নিজের বিরক্তিটাও প্রকাশ করে ফেলেছেন অ্যানিস্টোন। তাঁর মনোভাবটা অনেকটা ‘ আমাকে নিয়ে কেন এই টানাটানি’ টাইপের।
মজার ব্যাপার হলো, শুরু থেকে ব্র্যাঞ্জেলিনা জুটির সঙ্গেই যেন পাল্লা দিতে চেয়েছেন অ্যানিস্টোন। ২০১২ সালের এপ্রিলে জোলি-পিটের বাগদান হলো। কয়েক দিন পর জাস্টিন থেরক্সের সঙ্গে বাগদান সেরে ফেললেন অ্যানিস্টোনও! জোলি-পিট হুট করে বিয়ে করে ফেলেছেন। থেরক্সের সঙ্গে বিয়েটা শিগগিরই সেরে ফেলতে পারেন অ্যানিস্টোনও।
আরও মজার ব্যাপার হলো, জোলি যেমন এখন তাঁর নতুন ছবি নিয়ে ব্যস্ত। অ্যানিস্টোনের ব্যস্ততা তাঁর নতুন ছবি লাইফ অব ক্রাইম–এর প্রচারণা নিয়ে। ইউএসএ টুডে।