আগে জানলে চুল ধুয়ে আসতেন রবার্টস!

ঘটনাটা ঘটেছে গত আগস্টে। কিন্তু এ নিয়ে এখন মুখ খুললেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস। সেদিন বলা নেই কওয়া নেই, হুট করেই ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত টেইলর সুইফটের কনসার্টের সময় মঞ্চে উঠে গেলেন হলিউডের এই ‘প্রিটি ওম্যান’। পরনে টেইলর সুইফটের কনসার্টের টি-শার্ট, মাথায় সাদামাটা একটা ঝুটি আর পায়ে বহুবার পরা পুরনো টেনিস সু- ব্যাস এই সাজেই মঞ্চ মাতালেন রবার্টস। তবে মঞ্চে ওঠার আগে নাকি এ বিষয়ে ঘুনাক্ষরেই ধারণা ছিল না তাঁর। ধারণা থাকলে তো পরিপাটি হয়েই যেতেন কনসার্টে। সেদিন এমন অবস্থা ছিল জুলিয়ার, যে চুলটা পর্যন্ত ধোঁয়া ছিল না তাঁর।
টেইলর সুইফটের ‘১৯৮৯ কনসার্ট ট্যুর’-এর ঘটনা এটা। জুলিয়া সেদিনের কথা মনে করে বলেন, ‘জীবনে এতোবার মঞ্চে উঠেছি, এতো দর্শকের সামনে গিয়েছি, কিন্তু সেই কনসার্টে মঞ্চে ওঠার অভিজ্ঞতা আমার জন্য ছিল ভীতিকর। এ ব্যাপারে আমার কোনো ধারনাই ছিল না। সুইফট ব্যাকস্টেজে অনুরোধ করলো, সঙ্গে সঙ্গে তাল মেলালো আমার তিন সন্তানও। আমিও সব মেনে নিয়ে মঞ্চে উঠে গেলাম। আগে জানলে অন্তত চুলটা আমার ভালো মতো শ্যাম্পু করে ধুঁয়ে যেতাম!’
ক্যালিফোর্নিয়ার ওই কনসার্ট শুধু জুলিয়ার জন্যই স্মরণীয় নয়। এটা স্মরণীয় ছিল টেইলর সুইফটের জন্যও। কারণ সেই দিন তিনি মঞ্চে পেয়েছিলেন দুই কিংবদন্তিকে। প্রথম জন অস্কারজয়ী জুলিয়া। দ্বিতীয়জন মার্কিন ফোক গানের কিংবদন্তী জোয়ান বায়েজ। দুজনই সেদিন মঞ্চে উঠে তাল মিলিয়েছিলেন সুইফটের সঙ্গে, ‘স্টাইল’ গানটির সঙ্গে। ভ্যানিটি ফেয়ার।