আজও বিরহের কষ্টে!

তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘টোয়াইলাইট’ ছবি নির্মাণের ১০ বছর পার হতে চলল। এর মধ্যে বদলে গেছে অনেক কিছুই। আমূল বদলে গেছে এ ছবির জুটি ক্রিস্টেন স্টুয়ার্ট আর প্যাটিনসনের সম্পর্ক। ছবির প্রেম থেকে বাস্তবের প্রেম এখন বিচ্ছেদ। কিন্তু এ তারকা জুটির ভক্তরা আজও এই বিচ্ছেদের বিষয়টিকে মেনে নিতে পারেননি। ভক্তদের কথা থাক; ক্রিস্টেন কিংবা প্যাটিনসন? তাঁরা কী মেনে নিতে পেরেছেন এই বিচ্ছেদ? সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্টেন স্টুয়ার্ট স্বীকার করেছেন, প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের বিরহ-যন্ত্রণা আজও তাঁর মনে জাগে! ক্রিস্টেন জানান, এই যন্ত্রণা মৃত্যুরও অধিক!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেছেন, বিচ্ছেদ আসলেই ভয়ংকর। এমনকি আজও যখন তিনি ‘টোয়াইলাইট’ ছবির সমিল কাহিনির কোনো ছবিতে অভিনয় করেন, তখন প্যাটিনসনের সঙ্গে তাঁর সেই সব স্মৃতি খুব কষ্ট দেয় তাঁকে। ছবিতে অভিনয় করাটাই তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে। ক্রিস্টেন জানান, প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের সেই কষ্ট যেন মৃত্যুরও অধিক।
২০০৯ সালে এমটিভির এক অনুষ্ঠানে পরিচয় হয়েছিল এ দুজনের। এই এমটিভিরই ২০১০ সালের ‘বছরের সেরা যুগল’ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট-রবার্ট প্যাটিনসন। এরপর ক্রমশ কাছে আসা, টালমাটাল সেই প্রেম আর তারপর বিচ্ছেদ। সে বিচ্ছেদের পেছনেও ছিল আরেক প্রেম। যাকে প্যাটিনসন বলেছিলেন ক্রিস্টেনের ‘প্রতারণা’।
‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নির্মাতা রুপার্ট স্যান্ডার্স ও ক্রিস্টেনের পরকীয়ার খবর এবং ছবি ফাঁস হওয়ার পর যেন এক ঝড়ই উঠেছিল ক্রিস্টেন-প্যাটিনসনের জীবনে। প্যাটিনসনের ২৭তম জন্মদিনের দিনেই ঘটেছিল সবচেয়ে ভয়াবহ ঘটনা। সেদিন ক্রিস্টেনের মোবাইল ফোনে পাঠানো রুপার্টের একটি খুদেবার্তা বা ‘এসএমএস’ চোখে পড়ার পর ক্রিস্টেনের সঙ্গে চার বছরের প্রেমের চূড়ান্ত ইতি টেনেছিলেন প্যাটিনসন। ২০১৩ সালের মে মাসে ঘটেছিল দুজনের সেই চূড়ান্ত বিচ্ছেদ।
পরবর্তীতে ক্রিস্টেনের কাছের বন্ধু ও অভিনেত্রী রাইলিকে নতুন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন প্যাটিনসন। ‘কিং অব রক অ্যান্ড রোল’ এলভিস প্রিসলির নাতনি রাইলির সঙ্গে সাবেক প্রেমিকের ঘনিষ্ঠতার খবরে সে সময় দারুণ মর্মাহতই হয়েছিলেন ক্রিস্টেন।
কিন্তু বিচ্ছেদেই কী সবকিছুর শেষ? মনের ভেতরে এখনো কী সেই প্রেম কোথাও উঁকি দিয়ে যায় না। সেই মুখ আর মুহূর্ত! ক্রিস্টেন স্টুয়ার্ট অকপটেই স্বীকার করে নিয়েছেন প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের বিরহ আজও কষ্ট দেয় তাঁকে। এই ২০১৫ সালে এসেও ক্রিস্টেন স্টুয়ার্ট ভুলতে পারেন না বিচ্ছেদের কষ্ট।
দীর্ঘ চার বছর প্রেম করেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট-রবার্ট প্যাটিনসন। তার কত স্মৃতি, কত মুহূর্ত! বিচ্ছেদের বিরহ হয়ে আজ এসব স্মৃতিই হয়তো তীব্র যন্ত্রণা দেয় ক্রিস্টেনকে। এনডিটিভি