আজও হলিউডে আউটসাইডার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

হলিউডে পা রাখার পর কম দিন তো আর পার করলেন না অস্কারজয়ী তারকা অভিনেত্রী নিকোল কিডম্যান! প্রায় দেড় যুগের ক্যারিয়ারে অস্কার, গোল্ডেন গ্লোব পাওয়া এ অভিনেত্রীর জীবনে খ্যাতি, পুরস্কার, সম্মান, সুনামও কম মেলেনি। কিন্তু এত প্রাপ্তির পরও অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত হলিউডের এই তারকা অভিনেত্রী এখনো নিজের সম্পর্কে ভাবেন— আজও হলিউডে তিনি একজন আউটসাইডার!
এ প্রসঙ্গে নিকোল জানিয়েছেন, তিনি আসলেই জানেন না; হলিউডের সঙ্গে কখনো নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছেন কীনা। সব সময়েই তিনি তাঁর নিজের ছন্দেই নেচেছেন। এই অস্কারজয়ী তারকা অভিনেত্রী বলেছেন, ‘নিজের সম্পর্কে বলতে গেলে; তা আমি কিছুটা আউটসাইডারই বটে।’
নিকোল বলেন, ‘আমি স্কুলেও কখনোই জনপ্রিয় ছিলাম না। মনেও করি না যে কখনো এমন ধরনের মানুষ হতে পারব। আমি হয়তো ঠিক সেই পাশের বাড়ির মেয়েটি নই।’
আপাতত সবকিছু দুরে রেখে হলিউডের এই ‘আউটসাইডার’ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের বাড়িতে স্বামী আর দুই সন্তানের সঙ্গেই সময় কাটাচ্ছেন।
ন্যাশভিলের অন্তরঙ্গ পারিবারিক জীবনের পাশাপাশি হলিউডের জেল্লাদার জীবনে তাঁর অনুপস্থিতির প্রসঙ্গে এই ‘ম্যুলা রুঁজ’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি কখনোই হলিউডের সেই বহু বর্ণিল জীবনের অভাব বোধ করেন না।

অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী হলিউডের এই তারকার জন্ম ১৯৬৭ সালের ২০ জুন। ‘দ্য আওয়ার্স’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর অ্যাকাডেমি পুরস্কার পান তিনি।
এ ছাড়াও, নিকোল কিডম্যান বাফটা পুরস্কার, বার্লিন চলচ্চিত্র উৎ​সবের সেরা অভিনেত্রীর সিলভার বিয়ার, গোল্ডেন গ্লোব পুরস্কারসহ আরও অনেক পুরস্কারই পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি দাতব্য ও জনকল্যাণমূলক কাজেও অবদান রেখেছেন তিনি। নিকোল কিডম্যান ইউনিসেফ ও জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। পিটিআই। টেলিগ্রাফ।