আত্মহত্যা করতে চেয়েছিলেন অপরাহ

আজ বিশ্বে লাখো-কোটি নারীর অনুপ্রেরণা মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। কত-শত মানুষের আদর্শ তিনি। অথচ এই প্রভাবশালী নারীই একদিন কিনা বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ। সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন সেই সিদ্ধান্তের কারণ।
কিশোরী বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন অপরাহ। ১৪ বছর বয়সে ঘনিষ্ঠ আত্মীয় দ্বারা নির্যাতিত হন তিনি। তিনি বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম আর তা লুকিয়ে ছিলাম। আমি আসলে নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম, নিজেকে মেরে ফেলা ছাড়া আর অন্য কোনো সমাধান নেই।’ অপরাহ ভাবছিলেন, পরিবারের জন্য তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি খুব অসম্মানজনক হতো। অপরাহর বাবা পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখতে কঠোর নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘এই পরিবারের জন্য অসম্মান বয়ে আনার চেয়ে আমি আমার মেয়েকে কাম্বারল্যান্ড নদীতে মৃত ভাসতে দেখব।’ অথচ বাবা জানতেনই না তাঁর কিশোরী মেয়েটা যৌন নির্যাতনের শিকার এবং অন্তঃসত্ত্বা।
শেষ পর্যন্ত অপরাহর গর্ভপাত হয়ে গিয়েছিল। তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁকে ঘুরে দাঁড়াতে হবে। এরপর ঘুরে দাঁড়িয়ে আর পিছু ফিরতে হয়নি তাঁকে। ইয়াহু সেলিব্রিটি।