আত্মহত্যাই করেছেন উইলিয়ামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন উইলিয়ামস
রবিন উইলিয়ামস

‘ধারণা’টাই সত্যি হলো। অবশেষে ক্যালিফোর্নিয়ার মেরিন কাউন্টির ডেপুটি করোনার (অপঘাতে মৃত্যুর কারণ তদন্তকারী) কিথ বয়ড নিশ্চিত করেছেন, গলায় বেল্ট বা কোমরবন্ধনীর ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রবিন উইলিয়ামস। দরজার চৌকাঠে ফাঁস নিয়েছেন এই অভিনেতা।
বয়ড জানান, উইলিয়ামসের ব্যক্তিগত সহকারী তাঁর শয়নকক্ষের দরজায় টোকা দিয়েও সাড়া না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন। আনুমানিক বেলা পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। কী অবস্থায় উইলিয়ামসকে পাওয়া গেছে, সেটিও জানান তিনি, তাঁর ডান কাঁধ দরজা স্পর্শ করে ছিল। শরীরটা দরজা বরাবর ছিল কিছুটা হেলানো অবস্থায়। শুধু ফাঁস নিয়ে নয়, রগ কেটেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন উইলিয়ামস। পুলিশ কর্মকর্তারা একটা পকেট ছুরি পেয়েছেন। ছুরির রক্তের সঙ্গে তাঁর কবজিতে শুকিয়ে যাওয়া রক্তের মিল পাওয়া গেছে। এই মৃত্যুর সঙ্গে কোনো মাদক বা অ্যালকোহলজনিত কিছুর সম্পৃক্ততা আছে কি না, সেটি এখনই বলতে পারেননি বয়ড। কারণ, সেই প্রতিবেদন পেতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।
তবে উইলিয়ামস যে হতাশাজনিত রোগের চিকিৎসা নিচ্ছিলেন, সেটি নিশ্চিত করেছেন বয়ড। তিনি কোনো আত্মহত্যার চিরকুট রেখে গেছেন কি না, সেটি জানানো হয়নি। ময়নাতদন্ত শেষে উইলিয়ামসের মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কবে শেষকৃত্য অনুষ্ঠিত হবে, সেটি এখনো ঠিক করেনি তাঁর পরিবার। এএফপি।