আপনিও পারেন ডিক্যাপ্রিওকে অস্কার জেতাতে!

আপনি কি হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর লাখো ভক্তের একজন? আপনি কি চান না হলিউডের এই শক্তিমান অভিনেতা এবার অস্কার জিতুন? ডিক্যাপ্রিওর ভক্ত হলে আপনি এবার অবশ্যই চাইছেন যেন এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। সেই সোনারং অস্কার ট্রফিটি যেন এবার ডিক্যাপ্রিওর হাতে ওঠে। আপনার এই চাওয়ার পাশে দাঁড়িয়েছে রেডকার্পেটর্যামপেজ ডটকম। অবশ্য এটি কেবল ভার্চুয়াল জগতের জন্যই সত্য। একটি গেমিং ওয়েবসাইট বা অনলাইন গেম খেলার পোর্টাল এটি। প্রতিষ্ঠানটি ডিক্যাপ্রিওকে নিয়ে একটি গেম তৈরি করেছে। যে গেমে আপনি ডিক্যাপ্রিওর পক্ষ হয়ে তাঁকে এগিয়ে নিয়ে যাবেন অস্কারে। গেমে জিতলে একসময় অধরা অস্কার উঠবে ডিক্যাপ্রিওর হাতে।
প্রতিষ্ঠানটি এই গেমটির নাম রেখেছে ‘রেড কার্পেট র্যামপেজ’। ডিক্যাপ্রিওর হাতে অস্কার ওঠাতে আপনাকে যা করতে হবে তা হলো—ডিক্যাপ্রিওকে এই গেমে রেড কার্পেটের ওপর দিয়ে অস্কার ট্রফিটি হাতের নাগালে পাওয়ার জন্য ছোটাতে হবে। অবশ্য কোনো রকম ভুলচুক বা গেমে ডিক্যাপ্রিওকে হোঁচট খাওয়ানো যাবে না। তাহলেই কিন্তু শেষ! ডিক্যাপ্রিওর জন্য অধরা অস্কার অধরাই রইবে।
যা-হোক, বাস্তবিকই দীর্ঘ সময় অস্কারবঞ্চিত আছেন হলিউডের এই শক্তিমান তারকা অভিনেতা। এ নিয়ে ছয়-ছয়বার অস্কার মনোনয়ন পেলেন ডিক্যাপ্রিও। ‘দ্য গ্রেট গ্যাটসবাই’, দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘ব্লাড ডায়মন্ড’ ছবিতে অসাধারণ অভিনয় করেও অস্কার হাতে ওঠেনি লিওনার্দো ডিক্যাপ্রিওর।
তবে গত বছরের শেষের দিক থেকে একের পর এক পুরস্কার জিতে চলেছেন ডিক্যাপ্রিও। ৭৩তম গোল্ডেন গ্লোবের আসরে ‘ড্রামা’ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এরপর জিতেছেন ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) আসরের সেরা অভিনেতার পুরস্কার। ‘দ্য রেভন্যান্ট’ ছবিটি তাঁর জন্য একের পর এক সৌভাগ্যই বয়ে এনেছে। অস্কারে মনোনয়নেও তাঁকে টেনে এনেছে এই ‘দ্য রেভন্যান্ট’ ছবিটিই! এখন সামনে শুধু বাকি আছে অস্কার পুরস্কারটি হাতে তোলা। গোল্ডেন গ্লোব, বাফটার পর ‘দ্য রেভন্যান্ট’ কি পারবে ডিক্যাপ্রিওর হাতে অধরা অস্কারের সোনালি মূর্তিটি এবার তুলে দিতে! টিএনএন।