আবার বছর তেরো পর...

২০০৩ সালের আলোচিত অ্যানিমেশন ছবি ‘ফাইন্ডিং নিমো’র একটি গুরুত্বপূর্ণ চরিত্র ডোরির জন্য কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন ডিজেনেরেস। এবার ডোরিকে নিয়েই পরিচালক এন্ড্রু স্ট্যান্টন ও অ্যাঙ্গেস ম্যাকলেন তৈরি করেছেন আস্ত একটি ছবি ‘ফাইন্ডিং ডোরি’। এবারও একই চরিত্রের জন্য কণ্ঠ দিচ্ছেন অ্যালেন। বিষয়টা নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই মার্কিন অভিনেত্রী।
দুই ছবির মাঝখানে সময়ের ব্যবধান ১৩ বছর। ১৩ বছরে কত কিছুই না পাল্টায়। অ্যালেন এখন মার্কিন টেলিভিশনে উপস্থাপনা করেন। একই সঙ্গে তিনি কৌতুকাভিনেতা-লেখক-প্রযোজকও। বয়সের সঙ্গে সঙ্গে অ্যালেনের কণ্ঠও নিশ্চয়ই কিছুটা পাল্টেছে। কিন্তু পরিচালক এ জন্য শিল্পী বদল করেননি।
অস্কারজয়ী ছবি ‘ফাইন্ডিং নিমো’তে কাজ করার পর থেকেই নাকি অ্যালেনের মনে হতো, কখনো যদি এই ছবির সিক্যুয়েল তৈরি হয়, তাহলে তিনি কি তখন পারবেন ডোরির জন্য কণ্ঠ দিতে? মনে মনে চাইতেন, কণ্ঠস্বর যেন খুব বেশি পাল্টে না যায়। শেষমেশ তৈরি হয়েছে এই ছবির সিক্যুয়েল, যেখানে ডোরির চরিত্রটিই প্রধান। এবারও এতে অ্যালেনই কণ্ঠ দিচ্ছেন।
অ্যালেন ডিজেনেরেস বলেন, ‘আমি অবশ্যই ভীষণ আনন্দিত। ১৩ বছর পর আবারও এই ছবির জন্য ডাক পাওয়াটা আমার জন্য একটা চমক ছিল।’ ৫৮ বছর বয়সী এই তারকা এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। এত বড় একটি ছবিতে তাঁকে নেওয়ার জন্য পরিচালকদের প্রশংসাও করেন তিনি। আইএএনএস।