আবার শার্লক

ছোট পর্দায় বেনেডিক্ট কাম্বারব্যাচ। বড় পর্দায় রবার্ট ডাউনি জুনিয়র। দুই জায়গায়ই সফল শার্লক হোমস। ছোট পর্দায় শার্লকের নতুন সিরিজের সাফল্যের পর এবার রবার্ট ডাউনি জুনিয়রও ঘোষণা দিলেন, তাঁর অভিনীত শার্লক সিরিজের তৃতীয় ছবি আসছে।
২০০৯ সালে প্রথম মুক্তি পায় আয়রনম্যানখ্যাত রবার্ট ডাউনি জুনিয়রের প্রথম শার্লক ছবিটি। দুই বছর পর মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি শার্লক হোমস: আ গেম অব শ্যাডোস । দুটো ছবিই পরিচালনা করেছেন গাই রিচির মতো নামী নির্মাতা। ছোট পর্দার শার্লকের সঙ্গে ডাউনি জুনিয়রের শার্লকের পার্থক্য হলো, বিখ্যাত গোয়েন্দাকে তিনি আধুনিক প্রেক্ষাপটে তুলে আনেননি। বরং এই সময়টার রং পাল্টে নিয়ে গেছেন সেই পুরোনো সময়টায়।
দুটি ছবিই দুর্দান্ত ব্যবসা করেছিল। হাঁস সোনার ডিম পাড়লে প্রযোজকেরা প্রলুব্ধ তো হবেনই। যদিও সিরিজের তৃতীয় ছবি নির্মাণের বিষয়টি প্রাথমিক পর্যায়েই আছে। এএনআই।