আবারও অভিনয়ে বিয়ন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্স নোলস
বিয়ন্স নোলস

‘আ স্টার ইজ বর্ন’ ছবির রিমেকে মার্কিন পপসংগীত তারকা বিয়ন্স নোলসকে আবারও অভিনয়ে দেখা যাবে হলিউডের তারকা ব্র্যাডলে কুপারের সঙ্গে, এমনটাই শোনা যাচ্ছিল। এমন খবরও প্রকাশিত হয়েছিল, ব্র্যাডলে বিখ্যাত এই চলচ্চিত্রটি পুনর্নির্মাণের মধ্য দিয়ে একজন পরিচালক হিসেবে আসছেন। কুপারের পরিচালনার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে কিছু না জানালেও সম্প্রতি বিয়ন্সের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

হলিউডের বিখ্যাত এই অভিনেতা অবশ্য এ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। ব্র্যাডলে কুপার বলেছেন, ‘এটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।’

ব্র্যাডলে তাঁর নতুন ‘জয়’ ছবির প্রিমিয়ারে আরও বলেছেন, ‘বিয়ন্সের সঙ্গে কখনো কাজ করার সুযোগ পেলে আমি অবশ্যই খুশি হব।’

২০১১ সালে হলিউডের তারকা অভিনেতা ক্লিন্ট ইস্টউড যখন এ ছবির পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেসময়ই বিয়ন্সকে এ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিয়ন্স নোলস ব্র্যাডলের প্রযোজনা সংস্থার প্রস্তাবে এ ছবিতে অভিনয়ের জন্য রাজি হন।

সঙ্গীতপ্রধান চলচ্চিত্র ‘আ স্টার ইজ বর্ন’। ছবিটি প্রথম নির্মিত হয়েছিল ১৯৩৭ সালে। এরপর ১৯৫৪ ও ১৯৭৬ সালে আরও দুই বার পুনর্নির্মিত হয়।

একটি সূত্র জানিয়েছে, বিয়ন্সের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হও​য়ার পর ব্র্যাডলে কুপার এখন কাজ করছেন এ ছবির অন্যান্য চরিত্র বাছাইয়ের জন্য। ছবি নির্মাণের যে বাস্তবতা, তাতে ব্র্যাডলে মনে করছেন, ২০১৭ সালের আগে এ ছবির কাজ শেষ করা বোধ হয় সম্ভব হবে না। সে ক্ষেত্রে ২০১৭ সালের কোনো এক সময়ে মুক্তি পেতে পারে ‘আ স্টার ইজ বর্ন’ ছবির এই রিমেকটি।


চৌত্রিশ বছর বয়সী সংগীত তারকা বিয়ন্স নোলস বড়পর্দায় সর্বশেষ অভিনয় করেছেন ২০০৯ সালে, ‘অবসেসড’ ছবিতে । মার্কিন পপসংগীত তারকা কণ্ঠশিল্পী বিয়ন্স নোলস সংগীত নয়, গত এক বছর ধরে তালিম নিচ্ছেন অভিনয়ের। চলচ্চিত্রে ভালো কোনো চরিত্রে অভিনয়ের জন্যই তাঁর এই প্রস্তুতি।

সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালের দিকে মুক্তি পাবে ‘আ স্টার ইজ বর্ন’ ছবির এই নতুন রিমেকটি। এ ছবির মাধ্যমেই পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ব্র্যাডলে কুপারের।