আবারও অস্কার ইনাররিতুর ঝুলিতে

অস্কার যেন পিছু ছাড়ছে না মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনাররিতুর। ২০১৫ সালে বার্ডম্যান সিনেমা দিয়ে শুরু। এরপরের বছরে অস্কার আসর বসার আগেই ঝড় তুলল চলচ্চিত্র রেভেন্যান্ট। যদিও সেরা ছবির পুরস্কার জেতেনি, কিন্তু সেরা পরিচালকের পুরস্কারটি ঠিকই বাগিয়ে নিয়েছেন ইনাররিতু। সঙ্গে ছিল সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার পুরস্কার। এ বছর আবার অস্কারবিষয়ক সুসংবাদ পেলেন তিনি। ছয় মিনিটের ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রদর্শনী ‘কারনে ই অ্যারেনা’ (ভার্চ্যুয়ালি প্রেজেন্ট, ফিজিক্যালি ইনভিজিবল) পরিবেশনার জন্য একাডেমি কমিটি তাঁকে বিশেষ অস্কার পুরস্কার দেবে।
আগামী ১১ নভেম্বর হলিউডে নবম বার্ষিক গভর্নর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু ও চিত্রনাট্যকার ইমানুয়েল লুবেস্কিকে এই সম্মাননা দেওয়া হবে। ‘কারনে ই অ্যারেনা’ নামের এই ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রদর্শনীর বিষয় শরণার্থী। দর্শকেরা শরণার্থীর কষ্ট ও অভিজ্ঞতাকে বাস্তবের মতো করেই দেখতে পাবেন সেখানে। প্রদর্শনীটি এখন লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্ট, ইতালির মিলানের ফোনদাজিওনে প্রাদা এবং মেক্সিকোর লাতেলোলকো কালচারাল সেন্টারে দেখানো হচ্ছে।
প্রদর্শনীটি লস অ্যাঞ্জেলেসে বেশ নাম করেছে। একাডেমির সভাপতি জন বেইলি এক বিবৃতিতে বলেন, শরণার্থীদের নিয়ে ইনাররিতুর মাল্টিমিডিয়া আর্ট এবং সিনেমা শুধু একটি সৃজনশীল কাজই নয়, এটা যোগাযোগ ঘটাচ্ছে আমেরিকা ও মেক্সিকোর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে। সূত্র: গালফ নিউজ।