আবারও আকাশে উড়লেন ফোর্ড

গত মার্চে বিমান চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছিলেন ‘ইন্ডিয়ানা জোনস’ তারকা হ্যারিসন ফোর্ড। মাথা, মেরুদণ্ড ও পায়ের গোড়ালিতে আঘাত পান ফোর্ড। প্রয়োজনীয় চিকিৎসা শেষে বলা চলে দ্রুতই সেরে উঠেছেন তিনি। আর ভয়ংকর সেই অভিজ্ঞতার তিন মাস না পেরোতেই সম্প্রতি আবার আকাশে উড়লেন হলিউডের বর্ষীয়ান এ তারকা অভিনেতা। বিমান দুর্ঘটনার পর প্রথমবারের মতো হেলিকপ্টার চালাতে দেখা গেল তাঁকে।
সম্প্রতি হেলিকপ্টার চালিয়ে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকা বিমানবন্দরে অবতরণ করার সময় ক্যামেরাবন্দী হন ৭২ বছর বয়সী হ্যারিসন ফোর্ড। বিমান দুর্ঘটনার পর প্রথমবারের মতো আকাশে উড়তে পেরে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাঁকে। বিমানবন্দরে উপস্থিত কয়েকজন তাঁকে অবাক চোখেই দেখছিলেন। তাঁদের দিকে তাকিয়ে স্মিত হেসে মনের আনন্দই যেন প্রকাশ করেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।
হ্যারিসন ফোর্ড বিমান দুর্ঘটনায় আহত হয়েছিলেন গত ৫ মার্চ। ছোট একটি বিমানে করে যাওয়ার সময় এর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সঙ্গে সঙ্গে বিমানটিকে কাছের একটি গলফ মাঠে জরুরি অবতরণ করানো হয়। লস অ্যাঞ্জেলেসে এ ঘটনা ঘটে। দুই আসনের ওই বিমানটি জরুরি অবতরণ করার সময় মাথা ও শরীরের অন্যান্য স্থানে আঘাত পান ফোর্ড।
দুর্ঘটনার ব্যাপারে লস অ্যাঞ্জেলেসের একটি দমকল বিভাগ শুরুতে জানায়, ওই বিমান দুর্ঘটনায় এর চালক গুরুতর আহত হয়েছে। ওই সময় দমকল বিভাগ হ্যারিসন ফোর্ডকে শনাক্ত করতে পারেনি। পরে জানানো হয়, আঘাত অতটা গুরুতর নয়।