আবারও তারকাদের নগ্ন ছবি ফাঁস!

কিম কারদাশিয়ান, ভেনিসা হাজেন্স, মেরি কেট ওজলেনসহ নামীদামি তারকাদের নগ্ন ছবি এবং ভিডিও আবারও ফাঁস করা হয়েছে।
ফোরচ্যান ও রেড্ডিট নামক দুটি ওয়েবসাইট তারকাদের নগ্ন ছবি প্রকাশ করার পর সেগুলো আবার সাইট থেকে সরিয়ে ফেলা হয়। গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। তবে এর সঙ্গে জড়িত থাকার কথা কেউ এখনো স্বীকার করেনি।
বিবিসির খবরে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। বিবিসি বলেছে এ ব্যাপারে ফোরচ্যান ও রেড্ডিটের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে ওয়েবসাইট দুটি সাড়া দেয়নি।
ধারণা করা হয়, দুভাবে তারকাদের ছবি ও তথ্য সাইবার অপরাধীদের হাতে গিয়ে থাকতে পারে। প্রথমত, হ্যাকাররা সহজে অনুমেয় পাসওয়ার্ড (ইজি টু গেজ পাসওয়ার্ড) ব্যবহার করে ছবি ও তথ্য পেয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, উপাত্ত-ভান্ডারের কর্তৃপক্ষ (বিশেষত, আইক্লাউড) হ্যাকারদের হাতে ছবি ও তথ্য পাচার করে থাকতে পারে।

তবে অ্যাপল দাবি করেছে, তাদের মালিকানাধীন আইক্লাউড কারও তথ্য কোনো মহলের কাছে পাচার করেনি।
লিলি সবেস্কি, কেলি চুকো, আভরিল লেভিনের মতো কিছু তারকা অভিনেত্রীর নগ্ন ছবি টুইটারে ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাননি।
চলতি মাসের শুরুতে অ্যাপল ইনকরপোরেশনের উপাত্ত-ভান্ডার আইক্লাউড স্টোরজ হ্যাক করে তারকাদের নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করা হয়। ওই সময় বিবিসির নিউজবিটকে দেওয়া সাক্ষাত্কারে কিম কারদাশিয়ান বলেছিলেন, ‘লোকজনের ব্যক্তিগত নিভৃতির নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য এটা একটা বড় ধরনের সতর্ক বার্তা।’
কারদাশিয়ান তখন সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। তবে তিনি বলেন, তাঁর ফোনে আইক্লাউডের কোনো অ্যাকাউন্ট নেই।

দ্বিতীয় দফায় যাঁদের ছবি প্রকাশ করা হয়েছে তাঁদের মধ্যে জেনিফার লরেন্স ও হেইডেন পেনিত্তিয়েরেও রয়েছেন। এই দুজনেরই ছবি চলতি মাসের শুরুতেও প্রকাশ করা হয়।
একই সময়ে লরেন্সের এজেন্ট নিউজবিটকে বলেন, তাঁরা দ্রুত আইনি পদক্ষেপ নেবেন। ছবি প্রকাশের এই ঘটনায় নামীদামি সব অভিনেত্রী ও গায়িকা আক্রান্ত হচ্ছেন। প্রথম দফায় যাঁদের ছবি ফাঁস করা হয়, তাঁদের মধ্যে রিহানা, কেট উপটোন ও সেলেনা গোমেজও রয়েছেন।
কোনো কোনো অভিনেত্রী প্রকাশিত ছবিগুলোকে তাঁদের ছবি নয় বলে দাবি করলেও বাকিরা এগুলোকে নিজেদের ছবি বলে স্বীকার করে নিয়েছেন।
অন্যদিকে অপরাধীদের শনাক্তকরণের জন্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।