আবারও যমজ সন্তান চান লোপেজ

ছয় বছর বয়সী যমজ সন্তান ম্যাক্স এবং এমির মা মার্কিন গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজ সম্প্রতি আবারও যমজ সন্তান নেওয়ার আগ্রহ প্রকাশ করে খবরের শিরোনাম হয়েছেন।
পরিবারের সদস্য সংখ্যা আরও বাড়াতে চান জানিয়ে ৪৫ বছর বয়সী লোপেজ বলেন, ‘আমি ঠিক জানি না, এই বয়সে আবার আমি মা হতে পারব কি না। কিন্তু আরেকটি সন্তান পেলে আমার অনেক ভালো লাগবে। আমি আরও একবার মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই। আমি খুব বেশি আনন্দিত হব, যদি আবারও আমার যমজ সন্তান হয়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিপল ডটকম।
ওজানি নোয়া ও ক্রিস জুডের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে ঘর বেঁধেছিলেন লোপেজ। ২০০৮ সালে যমজ সন্তানের মা-বাবা হন লোপেজ ও অ্যান্থনি। ২০১২ সালে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর বয়সে ২০ বছরের ছোট নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সঙ্গে প্রণয়ে জড়ান লোপেজ। তিনি প্রেমিক ক্যাসপার স্মার্টকে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু গত বছরের জুনে ক্যাসপার স্মার্টের সঙ্গে সম্পর্কের ইতি টানেন তিনি।