আবারও শার্লক হোমস হচ্ছেন রবার্ট ডাউনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডাউনি জুনিয়র
রবার্ট ডাউনি জুনিয়র

তাঁর অনবদ্য অভিনয়ের কল্যাণেই শার্লক হোমস চরিত্রটি হালে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যদিও কিছুদিন আগে শার্লক হোমস সিরিজের ছবিতে আর অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু শেষতক আর অরাজি থাকতে পারলেন না ‘আয়রনম্যান’খ্যাত জনপ্রিয় তারকা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। এক খবরে এনডিটিভি জানিয়েছে, শার্লক হোমস সিরিজের তৃতীয় ছবিতে অভিনয় করবেন বলেই নিশ্চিত করেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

এরই মধ্যে শার্লক হোমস সিরিজের তৃতীয় ছবির প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন রবার্ট ডাউনি। তিনি জানিয়েছেন, সিরিজের সেরা ছবি বানানোর চেষ্টা করছেন তাঁরা। ছবিটিতে আইনজীবী পেরি মেসন চরিত্র অন্তর্ভুক্ত থাকছে বলেও জানিয়েছেন রবার্ট ডাউনি। 

রবার্ট ডাউনি এ-ও বলেন, ‘নতুন এই ছবি পুরোটাই হবে আমার। ছবিতে নতুনত্ব আনার সব রকম চেষ্টাই আমাদের থাকবে।’ এদিকে শার্লক হোমস সিরিজের আগের দুটি ছবিতে রবার্ট ডাউনির সহতারকা ছিলেন জুড ল। গত বছর তিনি সিরিজের নতুন ছবি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। এখন তিনি মনে করছেন, এরই মধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে গেছে। 

সিরিজের প্রথম ছবি শার্লক হোমস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। দ্বিতীয় ছবি শার্লক হোমস: এ গেম অব শ্যাডোস মুক্তি পায় ২০১১ সালে। গাই রিচি পরিচালিত দুটি ছবিতেই শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র।