আমিরকে টপকাতে পারলেন না সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিক’ ছবির দৃশ্যে জ্যাকুলিন ও সালমান
‘কিক’ ছবির দৃশ্যে জ্যাকুলিন ও সালমান

সালমান খান অভিনীত ‘কিক’ ছবির ট্রেইলার, গান প্রকাশিত হওয়ার পর মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলে ছবিটি। অনেকেরই ধারণা ছিল, বক্স অফিস থেকে আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়বে ‘কিক’। ২৫ জুলাই শুক্রবার মুক্তি পায় বহুল আলোচিত ছবিটি। সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, মুক্তির প্রথম দিনে আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়েছে ‘কিক’। ৩৬ কোটি দুই লাখ রুপি আয় করে এখনো প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে আমির খানের ‘ধুম ৩’। এমনকি সালমান তাঁর ‘এক থা টাইগার’ ছবির প্রথম দিনের আয়কেও টপকাতে পারেননি ‘কিক’ ছবি দিয়ে।
ভারতের চার হাজার ৪০০ প্রেক্ষাগৃহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সাজিদ নাদিওয়াদওয়ালা প্রযোজিত ও পরিচালিত ছবি ‘কিক’। পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সাবেক মিস শ্রীলঙ্কা ও বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবির ‘হ্যাংওভার’, ‘তু হি তু’ এবং ‘হ্যায় এহি জিন্দেগি’ গানে কণ্ঠ দিয়েছেন সালমান। বাণিজ্যিক ছবি হিসেবে ব্যবসাসফল হওয়ার সব রকম উপাদান থাকা সত্ত্বেও প্রথম দিনে ‘কিক’ খুব বেশি ভালো ব্যবসা করতে পারেনি।
প্রথম দিনে ‘কিক’ আয় করেছে ২৬ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে ছবিটির ঝুলিতে জমা পড়েছে ২৭ কোটি ১০ লাখ রুপি। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
চলচ্চিত্র ব্যবসায়ীরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপির বেশি আয় করবে ‘কিক’। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ঈদ মৌসুমকে সামনে রেখে মুক্তি পেয়েছে ‘কিক’। এই উত্সবে মেতে উঠতে দর্শকেরা ‘কিক’ ছবি দেখতে আরও বেশি বেশি হলমুখী হবেন—এমনটাই প্রত্যাশা সবার।