আর কখনোই হবে না 'হাল্ক'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক রাফ্যালো
মার্ক রাফ্যালো

হলিউডে সুপার হিরোভিত্তিক কমিক সিরিজ থেকে ছবি নির্মাণ করা পুরোনো ব্যাপার। কমিকপ্রেমীরা লুফে নেন সেই সব ছবি। আর চলচ্চিত্রপ্রেমীদের কথা না হয় বাদই দেওয়া হলো। ‘সুপারম্যান’, ‘ব্যাটম্যান’, ‘থর’, ‘আয়রন ম্যান’, ‘ক্যাপ্টেন আমেরিকা’ কিংবা ‘অ্যাভেঞ্জার্স’ এর মতো ছবিগুলো কিন্তু সফলতার তুঙ্গে। অথচ মার্ক রাফ্যালো কিনা বললেন আর কখনোই ‘হাল্ক’ ছবিটির সিক্যুয়াল নির্মাণ করা হবে না! 

শনিবার ডিজনির ফ্যান ক্লাব আয়োজিত অনুষ্ঠান ডি টোয়েন্টি থ্রি এক্সপো ২০১৭-তে উপস্থিত হয়ে অভিনেতা মার্ক রাফ্যালো এই কথা বলেন। তিনি জানান, প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওস ‘হাল্ক’ ছবির আসল স্বত্বাধিকারী। তাঁরা ‘হাল্ক’-এর দুইটি কিস্তি মুক্তি দিয়েছিল ২০০৩ ও ২০০৮ সালে। এরপর ‘হাল্ক’-কে শুধু ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজেই দেখা গেছে। আর সেগুলোর ওপর অধিকার আছে মার্ভেল স্টুডিওর। যেহেতু ‘হাল্ক’-কে নিয়ে ইউনিভার্সালের কোনো মাথাব্যথা নেই, সে জন্যই হয়তো মার্ক এমন কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আজকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই। একটি স্বতন্ত্র ‘হাল্ক’ ছবি আর কখনোই হবে না। ইউনিভার্সালের সেই অধিকার আছে এবং কিছু কারণে তারা জানে না মার্ভেলকে কীভাবে টক্কর দিতে হয়। আর তারা অর্থও উপার্জন করতে চায় না।’
উল্লেখ্য, মার্ক রাফ্যালো ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘হাল্ক’-এর চরিত্রে অভিনয় করে আসছেন। এর আগে ‘হাল্ক’ এর স্বতন্ত্র ছবিগুলোতে এই চরিত্রে ছিলেন যথাক্রমে এরিক ব্যানা ও এডওয়ার্ড নরটন।
ভ্যারাইটি