আর মাত্র তিনটি ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন ডিজেল
ভিন ডিজেল

আর কত! ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দেখতে দেখতে বোধ হয় দর্শকেরাও ক্লান্ত। তার ওপর সিরিজের নতুন ছবিগুলোয় অকালপ্রয়াত অভিনেতা পল ওয়াকারের অনুপস্থিতি বেদনাসিক্ত করে তুলছে এ ছবির ভক্ত​-দর্শকদের। সব মিলিয়েই সিরিজটিকে আর টেনে নেওয়া যাচ্ছে না। এমনকি সিরিজের সর্বশেষ ছবির জন্য পরিচালকও পাওয়া যাচ্ছে না। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের অষ্টম ছবিটি নিয়ে সম্প্রতি ফেসবুকে এমনই একটি পোস্ট দিয়েছেন ছবির প্রযোজক অভিনেতা ভিন ডিজেল। ফেসবুক পোস্টটিতে এ সিরিজের ইতি টানারই ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিন ডিজেল জানিয়েছেন, আর তিনটি ছবির পরই শেষ হয়ে যাবে সিরিজটি। ফেসবুক পোস্টে ভিন ডিজেল লিখেছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের ভক্তরা পৃথিবীর সেরা ভক্ত... ২০০৮ সালে ছবিটির প্রযোজনা শুরুর পর থেকেই প্রতিটি পর্যায়ে আপনারা আমার সঙ্গেই আছেন ... প্রকৃত অর্থে আপনাদের পরামর্শ আমার জন্য ছিল মূল্যবান। আপনাদের ধন্যবাদ।’

অকালপ্রয়াত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অভিনেতা পল ওয়াকারের সঙ্গে ভিন ডিজেল
অকালপ্রয়াত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অভিনেতা পল ওয়াকারের সঙ্গে ভিন ডিজেল

ভিন আরও লেখেন, ‘আমার সহ-প্রযোজক নেল এই সিরিজের সঙ্গে থাকছেন না। যেহেতু এটি এই সিরিজের গুরুত্বপূর্ণ একটি ছবি। সুতরাং ছবিটি বানাতেও হবে খুব সাবধানে। সত্যি বলতে, ফাস্ট-৮ এর হাল ধরতে চাইছেন না কেউ।’
পরিবেশক ইউনিভার্সেল পিকচার্সকে নিয়ে তিনি লিখেছেন, ‘ইউনিভার্সেল আমাদের সঙ্গেই থাকছে, তারা আমাদের পরিবারের মতোই। তাদের কথা দিয়েছি, আর তিনটি ছবি বানিয়েই সিরিজটি শেষ করব। পরের পোস্টে জানিয়ে দেব পরিচালকের নাম।’
হলিউডে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের অষ্টম ছবিটি নিয়ে নানা রকম গুঞ্জন ছড়িয়েছে। ২০১৭ সালের ১৪ এপ্রিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’ মুক্তি পাবে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ প্রথম মুক্তি পেয়েছিল ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ নামে।
গার্ডিয়ান। স্ল্যাশফিল্ম ডটকম।