আলসেমির মাশুল
একটুর জন্য ফসকে গেল! কাছাকাছি গিয়েও চরিত্রটা হারালেন সালমা হায়েক। সব বাধা পেরোনো শেষ। শারীরিক পরীক্ষাটা হলেই তিনি হবেন দ্য ম্যাট্রিক্স ছবির নায়িকা। কিন্তু আলস্য বড্ড বেয়াড়া হয়ে উঠেছিল। তার আক্কেলসেলামি দিতে ছবি থেকে ছিটকে পড়েছিলেন মেক্সিকান এই অভিনেত্রী।
দ্য ম্যাট্রিক্স। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। কেয়ানু রিভস, লরেন্স ফিশবার্ন আর ক্যারি অ্যান মস ঝড় তুলেছিলেন বিশ্বে। ছবির ট্রিনিটি চরিত্রের জন্য ডাক পেয়েছিলেন সালমা। কিন্তু কীভাবে সেটা হাতছাড়া হয়ে চলে গিয়েছিল মসের কাছে, সে গল্পই তিনি করলেন সম্প্রতি।
ট্রিনিটির জন্য মোট চারজনকে বাছাই করা হয়। সেই দলে ছিলেন জ্যাডা পিঙ্কেট স্মিথও। ‘রেড টেবিল টক’ টকশোতে জ্যাডার সঙ্গে সালমা গল্পের ঝুড়ি খুলে বসেছিলেন। সেখানেই উঠে এল এই খবর। সালমা বলেন, ‘আমরা চারজন টিকে যাই ম্যাট্রিক্স–এর জন্য। অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। স্ক্রিন টেস্ট, বারকয়েক অডিশন, কত কী! এশিয়া থেকে একজন স্টান্ট কো–অর্ডিনেটর আনা হলো। তখন ছিল শারীরিক পরীক্ষা। আমি নমনীয় ও চটপটে। তবে একটু আলসে।’
সালমার ভাষায়, ‘আমি জীবনেও ব্যায়ামাগারে যাইনি। তারা বলল, “তোমাকে দৌড়াতে হবে।” “আমি দৌড়াব! কোথায়?” বলল, “এখানে রুমের মধ্যে।” আমি তো এক দৌড় দিতেই হাঁপিয়ে শেষ!’
কী আর করা। ছেড়ে দিতে হয় ছবিটি। এরপর পরীক্ষার পালা আসে জ্যাডার। তাঁকে দেখে তো মুগ্ধ সালমা। বললেন, ‘সে অসাধারণ। তাকে দেখে আমি খুবই বিব্রত হয়েছিলাম। সে ছিল একেবার জুতসই, মনোযোগী, সুশৃঙ্খল ও দক্ষ। আমি মেয়েটির দিকে কেবল তাকিয়েই ছিলাম, আর ভেবেছি, শৈশবে আমি তো তার মতোই হতে চেয়েছিলাম।’
নব্বই দশকের সেই দিন আর নেই। সালমাও বদলে গেছেন। ইতিমধ্যে করে ফেলেছেন অসাধারণ সব ছবি। সেখানে দারুণ সব চরিত্র হয়ে উঠতে নিশ্চয়ই অনেক ঘাম ঝরাতে হয়েছে তাঁকে! আর আলসেমিকেও তাড়িয়েছেন জীবন থেকে। সূত্র: এস শোবিজ