আশা ভোসলের রেস্তোরাঁয় কী খেলেন টম ক্রুজ
যুক্তরাজ্যের বার্মিংহামে আশা ভোসলের একটা রেস্তোরাঁ আছে। ভারতীয় খাবার চেখে দেখতে গত শনিবার সন্ধ্যায় ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজ। তা আশার রেস্তোরাঁয় কী খেলেন টম ক্রুজ? মসলাদার চিকেন টিক্কা। খেয়ে বেশ মজাও পেয়েছেন। এ নিয়ে বার্মিংহাম লাইভ একটি প্রতিবেদনও করেছে। রেস্তোরাঁর বাইরে কর্মকর্তাদের সঙ্গে টম ক্রুজের ছবিসহ প্রতিবেদনটি টুইট করে আশা ভোসলে লিখেছেন, ‘বার্মিংহামের আশাজ-এ খেয়ে টম ক্রুজের ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি। আশা করি শিগগিরই আমাদের দেখাও হবে।’
‘মিশন ইম্পসিবল সেভেন’–এর শুটিংয়ের ফাঁকে আশার রেস্তোরাঁয় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন টম ক্রুজ। আশার মহাব্যবস্থাপক নুমান ফারুকিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, ‘টম ক্রুজ এখানে এসে বললেন আপনারা ব্যস্ত হবেন না। আমি এখানকার পরিবেশটা উপভোগ করতে চাই। আর দশজন সাধারণ ক্রেতার মতোই ভারতীয় একটা খাবার খেয়ে দেখতে চান। দু–একজন তাঁকে চিনতে পারলেও বেশির ভাগ লোকই তাঁকে চিনতে পারেনি।
কেউ কোনো হইচই করেনি বটে, কিন্তু তিনি বেরিয়ে যাওয়ার পর অন্য ক্রেতাদের মধ্যে একটু উত্তেজনা লক্ষ করা গেছে। ছবি তুলতে চাইলে রেস্তোরাঁর বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে ছবি তুলতে রাজি হন টম। প্রথম ছবিটায় তাঁর মুখে মাস্ক পরা ছিল। পরে নিজেই মাস্ক খুলে বললেন আরেকটি ছবি নিন। প্রথমবার মসলাদার একটা চিকেন টিকিয়া নেন তিনি। পরেরবার ঝালটা একটু বাড়িয়ে আরেকটা দিতে বলেন।’
করোনা মহামারির মধ্যে ছবির শুটিং প্রসঙ্গে গত মে মাসে এম্পায়ার সাময়িকীর সঙ্গে কথা বলেন টম ক্রুজ। তিনি বলেন, ‘আমি ৩০ থেকে ৪০টি সিনেমা প্রযোজনা করেছি। অন্তত হাজার দশেক লোক আমার ওপর নির্ভরশীল। ইন্ডাস্ট্রির বন্ধুরা, পরিবেশক, আমার ক্রু, সবাই অপেক্ষায় ছিল, কী করতে যাচ্ছি! আর একটু হলেই আমার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যেত। আমি স্টুডিও এবং ইন্ডাস্ট্রিকে বললাম, “আমরা কাজে ফিরছি।”
আমরা সবাইকে কাজে ফিরতে বলেছি। আমরা গ্রীষ্মে শুটিং শুরু করতে যাচ্ছি। যতটা সম্ভব নিরাপত্তার সঙ্গে কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা আমরা বিষয়গুলো ম্যানেজ করার চেষ্টা করেছি। সেখানে সামাজিক দূরত্ব ছিল, মাস্ক ছিল, প্রতি দুজন অভিনেতার জন্য একজন করে মেকআপ শিল্পী দেওয়া হয়েছে। বিভাগীয় প্রধানদের হোটেলে রাখা হয়েছিল, যাতে গাড়ি চালিয়ে সেটে এসে শুটিং করে আবার তাঁরা হোটেলে ফিরে যেতে পারেন। দলের কারও করোনা শনাক্ত হলে তাঁকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থাও ছিল।’
ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত ‘মিশন ইম্পসিবল সেভেন’ মুক্তির কথা রয়েছে আগামী বছরের ২৭ মে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস