
অস্কার তো নয়, এ যেন এক ‘লা লা ল্যান্ড’! সত্যিই তা–ই। হাতে গোনা কয়েকটি বিভাগ বাদে প্রতিটিতেই ছিল আলোচিত এই হলিউড ছবির আধিপত্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকায় সবচেয়ে বেশিবার এই লা লা ল্যান্ড ছবিটির নাম উঠে এসেছে। এই ছবি ১৩টি বিভাগে ১৪টি মনোনয়ন পেয়েছে। আর এর মধ্য দিয়ে এই ছবি উঠে এসেছে অল অ্যাবাউট ইভ (১৯৫৯) ও টাইটানিক (১৯৯৭) ছবির কাতারে। সবচেয়ে বেশি অস্কার মনোনয়ন পাওয়া তৃতীয় ছবি এটি।
একাডেমির প্রেসিডেন্ট শেরিল বন আইজ্যাক ও বিগত বছরের অস্কার মনোনীত এবং বিজয়ীরা ঘোষণা করেন এবারের মনোনীতদের নাম। লা লা ল্যান্ড-এর পাশাপাশি মুনলাইট, ম্যানচেস্টার বাই দ্য সি, অ্যারাইভাল-এর মতো ছবিগুলো মনোনয়নের দৌড়ে এগিয়ে আছে।
ইউটিউবে একাডেমি অ্যাওয়ার্ডসের চ্যানেলে সরাসরি দেখানো হয় অস্কার মনোনয়ন। তাতে মনোনয়ন ঘোষণার পাশাপাশি বিগত মনোনীত ও বিজয়ীরা শোনান নিজেদের মনোনয়ন পাওয়ার অভিজ্ঞতার কথা। কথা বলেন এ বছরের অস্কার উপস্থাপক জিমি কিমেলও।
বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে এ বছর মনোনয়ন পেয়েছে ডেনমার্কের ছবি ল্যান্ড অব মাইন, সুইডেনেরে এ ম্যান কলড উভা, ইরানের দ্য সেলসম্যান, অস্ট্রেলিয়ার ট্যানা ও জার্মানির টনি এরেডমান।
সেরা গান ও আবহসংগীত বিভাগের জন্য মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় উঠে এসেছিল এ আর রাহমানের নাম। কিন্তু চূড়ান্ত মনোনয়নে স্থান পাননি অস্কারজয়ী এই ভারতীয় সংগীত পরিচালক। তবে এবারের অস্কার মনোনয়ন গত বছরের মতো ‘অস্কার সো হোয়াইট’ বিতর্কে পড়তে যাচ্ছে না বলে ধারণা করছেন চলচ্চিত্রবোদ্ধারা। কারণ, অভিনয়সংক্রান্ত চারটি বিভাগেই শ্বেতাঙ্গ অভিনয়শিল্পীদের পাশাপাশি ড্যানজেল ওয়াশিংটন, ভায়োলা ডেভিস, অক্টোভিয়া স্পেনসার, রুথ নেগা ও বেরি জেনকিনসদের মতো অশ্বেতাঙ্গ শিল্পীরা মনোনয়ন পেয়েছেন।
৮৯তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর বসবে আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। সেদিনই ২৪টি বিভাগে মনোনীত হলিউড শিল্পী ও কলাকুশলীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কার।