ইতিহাস গড়লেন প্যাটি জেনকিনস

সুপার হিরো সিনেমায় বুঁদ তরুণ প্রজন্ম। এ বছরই সেখানে হানা দিল সুপার হিরোইন। সুপার হিরোদের সাম্রাজ্যে হানা দিয়ে ওয়ান্ডার উইমেন প্রমাণ করল নারীরাও পিছিয়ে নেই। বক্স অফিস তো বাজিমাত করলই, সুপার হিরোপ্রেমীরা পেলেন নতুন এক অভিজ্ঞতা। এর পেছনের প্রাণ ছবির নির্মাতা প্যাটি জেনকিনস বক্স অফিসে সাফল্য অর্জন করলেন। আর এবার হলিউডের এই নারী নির্মাতা গড়লেন ইতিহাস। এই অতিমানবীকে নিয়ে নির্মিতব্য সিক্যুয়াল পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। আর সেখানেই নারী নির্মাতা হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক নিলেন প্যাটি।
ওয়ান্ডার উইমেন পরিচালনার জন্য প্রায় ১০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন প্যাটি জেনকিনস। শোনা যাচ্ছে, এবার সেই পারিশ্রমিকের পরিমাণ এক কোটি ডলারের কোটা ছুঁয়ে যাবে। আর এটাই হবে হলিউডের ইতিহাসে কোনো নারী চলচ্চিত্র নির্মাতার পাওয়া সর্বোচ্চ পারিশ্রমিক। অবশ্য এ জন্য প্যাটিকে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে লম্বা সময় দর-কষাকষি করতে হয়েছে।
ওয়ান্ডার উইমেন নির্মাণে খরচ হয়েছে ১০ কোটি ৫০ লাখ ডলার। ছবিটি শুধু যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত আয় করেছে প্রায় ৪০ কোটি ডলার। বিশ্বজুড়ে এই ছবির আয় ৮০ কোটি ডলার। গ্যাল গ্যাদত অতিমানবী ‘ওয়ান্ডার উইমেন’ হয়ে জয় করেছেন সবার মন। এরই মধ্যে ওয়ান্ডার উইমেন ২-এর জন্যও গ্যাল চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর সঙ্গে নতুন ছবিতে ক্রিস পাইনও থাকবেন। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে ছবিটি। সূত্র: এসশোবিজ।