ইতিহাস গড়া র‍্যাচেল মরিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাচেল মরিসন
র‍্যাচেল মরিসন

• পাঁচ দিন পরই আসবে হলিউডপ্রেমীদের জন্য কাঙ্ক্ষিত রাতটি।
• লস অ্যাঞ্জেলেসে ৪ মার্চ রাতে বসবে বরাবরের মতো অস্কারের আসর।
• এই পুরস্কার অনুষ্ঠান এ বছর ৯০তম বছর উদযাপন করতে যাচ্ছে।

অস্কারের ৯০তম আসরটি নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। র‍্যাচেল মরিসন নামটি এবারের আসরে মনোনয়ন পেয়ে গত ৯০ বছরের প্রশ্নবিদ্ধ অস্কার ইতিহাসকে পাল্টে ফেললেন। প্রথম নারী চিত্রগ্রাহক হিসেবে সেরা চিত্রগ্রহণ বিভাগে মনোনয়ন পেয়ে তিনি এ বছর একাডেমির বৈষম্যের অপবাদ ঘুচলেন। তাই তাঁকে নিয়ে আজকের আয়োজন।

র‍্যাচেল মরিসনের ইচ্ছা ছিল আলোকচিত্র সাংবাদিক হবেন। কিন্তু যখন মাধ্যমিকের শিক্ষার্থী তিনি, তখনই বদলে গেল স্বপ্ন। একটা রূপকথাকে মনে জায়গা দিলেন। ঠিক করলেন বড় হয়ে হবেন চিত্রগ্রাহক। কিন্তু সে সময়ের হলিউডে নারী চিত্রগ্রাহক বিষয়টি চিন্তা করাও অনেকের কাছে ছিল কল্পনাতীত। র‍্যাচেল মরিসন সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলেন। তাঁর গল্প এখন ইতিহাসের অংশ। নিজের স্বপ্নকে এই নারী চিত্রগ্রাহক শুধু পূরণ করেই ক্ষান্ত হননি, নিজেকে তিনি নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। ছোটবেলা থেকে যাঁদের অণুপ্রেরণা হিসেবে দেখে এসেছেন, তাঁদের সঙ্গেই আজ র‍্যাচেলের নাম উঠেছে অস্কারের মনোনয়ন তালিকায়। ইতিহাসের প্রথম নারী চিত্রগ্রাহক হিসেবে তিনি পেয়েছেন অস্কার মনোনয়ন।

তাঁর ঝুলিতে পূর্ণদৈর্ঘ্য ছবির সংখ্যা মাত্র ১১টি। কিন্তু এই ছবিগুলোই এত সাফল্য অর্জন করেছে যে এই নারী চিত্রগ্রাহক সাত বছরের ব্যবধানে অনেক বড় মাইলফলক উতরে গেছেন। ২০১১ সালে তাঁর চিত্রগ্রহণে প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘সাউন্ড অব মাই ভয়েস’ মুক্তি পায়। সেই ছবিটিই জায়গা করে নেয় সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। এর বছর দুই পর র্যাচেলের নাম ওঠে ইন্ডিওয়্যার পত্রিকার একটি বিশেষ প্রতিবেদনে, যেখানে তাঁকে ২০১৩ সালে সেরা পাঁচ চিত্রগ্রাহকের একজন বলে অভিহিত করা হয়।

বলে রাখা দরকার, ‘মাডবাউন্ড’ ছবির জন্য এ বছর সেরা চিত্রগ্রহণ বিভাগে মনোনীত হয়েছেন র‍্যাচেল মরিসন। তাঁকে লড়তে হচ্ছে ব্রিটিশ চিত্রগ্রাহক রজার ডিকেন্সের মতো বাঘা চিত্রগ্রাহকদের সঙ্গে। রজার এ বছর তাঁর ১৪ তম অস্কারে মনোনয়নটি পেয়েছেন। র্যাচেলের আদর্শ এই রজার।

২০১৬ সালের একটি গবেষণায় দেখা গেছে, হলিউডের চিত্রগ্রাহকদের মধ্যে কেবল পাঁচ ভাগ চিত্রগ্রাহক নারী। র‍্যাচেল মরিসন এক সাক্ষাৎকারে বলেছিলেন, কাজ করার যোগ্যতা থাকা সত্ত্বেও নারী হওয়ার কারণে অনেক কাজই তিনি পাননি। তবে এ বছর থেকে নতুন করে আশাবাদী হচ্ছেন র‍্যাচেল। অস্কার মনোনয়নসহ বক্স অফিস মাত করা ছবি ব্ল্যাক প্যান্থার-এর চিত্রগ্রাহকও তিনি। তাঁর ভাষায়, দরজা যখন খুলেছে, তখন সামনে এগিয়ে যাওয়া যাবে।

নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন এই নারী চিত্রগ্রাহক। চিত্রগ্রহণের ওপর স্নাতকোত্তর করেছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে। ২০০০ সালের শুরুর দিকে কাজ শুরু করেন ছোট পরিসরে। এমটিভির রিয়েলিটি শো ‘দ্য হিলস’-এর সঙ্গে যুক্ত হন প্রথমে। নিজেকে প্রতিষ্ঠিত করে নাম লেখান সিনেমার জগতে। এখন তো র্যাচেল ইতিহাসের অংশ। যদি অস্কারটা পেয়েই যান, তাহলে সেটা তো হবে বিশাল পাওয়া। সূত্র: টাইম, সিএনএন ও র্যাচেল মরিসনের ওয়েবসাইট