ইতিহাস গড়ার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনিও মোরিকন, আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু, ইমানুয়েল লুবেস্কি
এনিও মোরিকন, আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু, ইমানুয়েল লুবেস্কি

৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড শুধু গেল এক বছরে হলিউডে ঘটে যাওয়া অসামান্য কাজগুলোকেই সম্মান জানায়নি, এই রাতে অস্কার ইতিহাসে যোগ হয়েছে কিছু নতুন অধ্যায়। এই যেমন চিত্রগ্রাহক ইমানুয়েল লুবেস্কির কথাই ধরা যাক। এ নিয়ে পরপর তিন বছর তিনি জিতলেন সেরা চিত্রগ্রাহকের অস্কারটি। ২০১৪ সালে গ্র্যাভিটির জন্য, ২০১৫ সালে বার্ডম্যান-এর জন্য, আর এ বছর দ্য রেভেন্যান্ট-এর জন্য অস্কার গেল লুবেস্কির হাতে।
ইতিহাস গড়েছেন দ্য রেভেন্যান্ট পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনাররিতুও। গত বছরের মতো এ বছর সেরা নির্মাতার অস্কারটি নিজের করে নিয়েছেন এই নির্মাতা। সেই সঙ্গে টানা চতুর্থ বছরের মতো সেরা নির্মাতার পুরস্কারটি কোনো ‘নন-মার্কিন’ পরিচালক ঘরে তুললেন। ২০১৩ সালে লাইফ অব পাই ছবির পরিচালক তাইওয়ানি বংশোদ্ভূত অ্যাং লিকে দিয়ে শুরু হয় এই জয়যাত্রা। এর পরের বছর মেক্সিকান নির্মাতা তাঁর গ্র্যাভিটি ছবির জন্য জেতেন অস্কার। ২০১৫ সালে বার্ডম্যান-এর জন্য অস্কার জেতেন ইনাররিতু। এবারও দ্য রেভেন্যান্ট দিয়ে নিজের সাফল্য ও অস্কার ইতিহাসকে ধরে রাখলেন তিনি।
সংগীতের কিংবদন্তি এনিও মোরিকন এ বছর জিতলেন প্রথম অস্কার, কুয়েন্টিন টারান্টিনোর দ্য হেটফুল এইট ছবির সংগীতকার হিসেবে। মোরিকনের বয়স এখন ৮৭। ধারণা করা হচ্ছে, তিনিই হলেন একাডেমি অ্যাওয়ার্ডের ৮৮ বছরের ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ×বিজয়ী। কিন্তু একাডেমি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। একাডেমি অ্যাওয়ার্ডের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা বয়স-সংক্রান্ত হিসাবগুলো শুধুই অভিনয় বিভাগে মনোনীতদের বেলায় সংরক্ষণ করি। টেকনিক্যাল কিংবা সংগীত বিভাগের বিজয়ীদের ক্ষেত্রে বয়সের রেকর্ড আমাদের নেই। তবে অভিনয় বিভাগে ৮২ বছরের চেয়ে বেশি কোনো বিজয়ী আমরা পাইনি।’ এর আগে এনিও মোরিকন পাঁচবার অস্কার মনোনয়ন পেয়েছেন। অবশেষে এ বছরে এসে তাঁর অর্জনের ঝুলিতে যোগ হলো প্রথম অস্কার।