ইন্টারনেটে জোলির ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

ইন্টারনেটের নাকি কিছুই বোঝেন না হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি! কিন্তু সন্তানেরা ইন্টারনেট ব্যবহার করবে এতে তাঁর কোনোই আপত্তি নেই। অবশ্য অনলাইন দুনিয়াতে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে চান তিনি। শিশুদের অনলাইন জগৎ​কে সুরক্ষিত করতে সম্প্রতি একদল বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতি। খবর পিটিআইয়ের।
এ সময়ের আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘আমি পুরোনো ধ্যান-ধারণার মানুষ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কোনো কিছু পোস্ট করার চেয়ে নোটবুকে টুকে রাখতেই আমার ভালো লাগে।’ 
জোলি প্রযুক্তি সম্পর্কে নিজেকে যতটাই পুরোনো মানুষ মনে করুন না কেন তাঁর শিশুদের জন্য তিনি এ বিষয়ে খুব সচেতন। ইন্টারনেটে শিশুদের নজরদারি করতে এবং শিশুদের সুরক্ষার জন্য একটি সাইবার নিরাপত্তা দলকে কাজে লাগিয়েছেন তিনি।
জোলি বলেন, ‘আমি আর পিট দুজনই এখনকার ডিজিটাল যুগের সঙ্গে যাব কি না, তা নিশ্চিত করে বলতে পারি না। তাই ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করার চেয়ে নোটবই আমার ভরসা।’
৩৯ বছর বয়সী অভিনেত্রী ও পরিচালক অ্যাঞ্জেলিনা জোলির ছয়টি সন্তান রয়েছে। 
জোলি বলেন, ‘ইন্টারনেট ভয়ংকর এক দুনিয়া বলেই আমার কাছে মনে হয়। আমি এর কিছুই বুঝে উঠতে পারি না। ইন্টারনেট দিয়ে কীভাবে কী খুঁজতে হয় তাই জানি না। ইন্টারনেট ব্যবহার করতে গেলেই মুশকিলে পড়ে যাই।’
‘ভাগ্যিস আমাদের ছোটবেলায় ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের কোনো সাইট ছিল না!’ বেশ খুশি হয়েই এ কথা বলেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।