ইন্ডিয়ানা জোনসে ফিরছেন স্পিলবার্গ-ফোর্ড!

সম্প্রতি হলিউডের নির্মাতা স্টিভেন স্পিলবার্গ তাঁর ‘ব্রিজ অব স্পাইজ’ ছবির প্রচার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জানিয়েছেন, শিগগিরই নতুন ‘ইন্ডিয়ানা জোনস’ ছবি নিয়ে তিনি ফিরছেন; আর তাঁর সঙ্গে এ ছবিতে ফিরছেন ‘ইন্ডিয়ানা জোনস’ অভিনেতা হ্যারিসন ফোর্ড।
অনুষ্ঠানে কথোপকথনের একপর্যায়ে স্পিলবার্গ বলেন, ‘সম্ভবত এবার আমি হ্যারিসনের (হ্যারিসন ফোর্ড) সঙ্গে ‘ইন্ডি ৫’ (ইন্ডিয়ানা জোনস ৫) বানাব।
হলিউডের ছবির অনেক সমালোচকই বলে থাকেন ‘ইন্ডিয়ানা জোনস’ জনপ্রিয়তা পেয়েছিল দুটি কারণে। প্রথমত; এ ছবির নির্মাতা ছিলেন স্টিভেন স্পিলবার্গ আর দ্বিতীয় কারণটি হচ্ছে— এই ছবির অভিনেতা হ্যারিসন ফোর্ড।
‘ইন্ডিয়ানা জোনসের ৪র্থ ছবি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’-এর মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেতা হ্যারিসন ফোর্ড জানিয়েছিলেন, সামনে বয়সের কারণে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করাটা তাঁর জন্য হয়তো একটু কঠিনই হয়ে পড়বে। তাই এই সিরিজের আগামী ছবিতে তাঁর অভিনয়ের সম্ভাবনা কম।

কিন্তু এদিকে, নির্মাতা স্পিলবার্গ যে নতুন ইন্ডিয়ানা ছবিটি হ্যারিসন ফোর্ডকে নিয়েই করতে চান তা তাঁর এক কথায় পরিষ্কার ফুটে উঠেছে। ‘ব্রিজ অব স্পাইজ’ ছবির প্রচার অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের একপর্যায়ে এ ছবির নায়ক টম হ্যাংকসকে নিয়ে মজা করে এ নির্মাতা জানান, এই ছবিটি নিয়ে তাঁর চারটি ছবিতে কাজ করলেন টম হ্যাংকস। আর এদিকে হ্যারিসন ফোর্ডও স্পিলবার্গের চারটি ছবিতে কাজ করেছেন। ইন্ডিয়ানা জোনসের নতুন ছবিতে হ্যারিসন ফোর্ড অভিনয় করলে সে ক্ষেত্রে স্পিলবার্গের পাঁচটি ছবিতে অভিনয় করা হবে ফোর্ডের। কাজেই সামনে তাঁর আরও একটি ছবিতে টম হ্যাংকসকে অভিনয় করতে হবে। কে জানে! হয়তো এরই মধ্যে অভিনেতা হ্যারিসন ফোর্ডের সঙ্গে ‘ইন্ডি ৫’ ছবিটি নিয়ে স্পিলবার্গ প্রাথমিক আলাপ সেরেও রেখেছেন।

এর আগে ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের চারটি ছবি নির্মিত হয়েছে। সে হিসেবে এটি সিরিজের ৫ম ছবি হতে যাচ্ছে। ‘ইন্ডিয়ানা জোনস’ যে স্পিলবার্গের অত্যন্ত প্রিয় ছবি, এ অনুষ্ঠানে উপস্থিত অনেকের কাছেই তা স্পষ্ট হয়েছে। ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। এ ছবি মুক্তির দীর্ঘ তিন বছর বিরতি শেষে মুক্তি পেয়েছিল ইন্ডিয়ানা জোনসের প্রিকুয়েল ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’। এর পর ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ ছবিটি মুক্তি পায় ১৯৮৯ সালে। আর প্রায় দুই দশক (১৯ বছর) পর ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ইন্ডিয়ানা জোনস সিরিজের চতুর্থ ছবি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’।
সবকিছু ঠিক থাকলে হয়তো খুব শিগগিরই নির্মাতার টুপি মাথা চাপিয়ে ক্যামেরায় চোখ রাখবেন স্টিভেন স্পিলবার্গ। আর ক্যামেরার সামনে দুর্ধর্ষ সব দৃশ্যে অননুকরণীয় অভিনয়ের অভিব্যক্তি ফোটাবেন ‘ইন্ডিয়ানা জোনস’ হ্যারিসন ফোর্ড। এইসশোবিজ।