ইরানে নিষিদ্ধ জাফর পানাহিকে নিয়ে আলোচনা থামছে না

কান চলচ্চিত্র উৎসবে ‘থ্রি ফেসেস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেছে সেই ১২ মে। কিন্তু ছবির নির্মাতা ইরানের জাফর পানাহিকে নিয়ে আলোচনা থামছেই না। উৎসবের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সবার মুখে মুখে ফিরছে নির্মাতা পানাহি ও তাঁর ছবি ‘থ্রি ফেসেস’-এর কথা। ইরানে নিষিদ্ধ গৃহবন্দী এই নির্মাতা দূরে থেকেও বরাবরই উৎসবের সবটুকু নিজের দিকে টেনে নেন। এবারও এর ব্যতিক্রম হলো না। সশরীরে না থাকলেও থ্রি ফেসেস দিয়ে পানাহি তাঁর উপস্থিতির জানান দিয়েছেন ঠিকই।
গত রোববার ছবিটির সংবাদ সম্মেলনে এই ছবির শিল্পী, চিত্রসম্পাদক ও প্রযোজক সবাই হাজির ছিলেন। ছিলেন না শুধু পানাহি। তাই এর আগে রাশিয়ায় গৃহবন্দী নির্মাতা কিরিল সেরেব্রেন্নিকভের মতো জাফর পানাহির আসনটিও সংবাদ সম্মেলনে খালি রাখা হয়। থ্রি ফেসেস ছবির পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা-সবই তিনি। তবে এ ছবির প্রাণ এর তিন নারী চরিত্র। প্রথমজন অভিনেত্রী বেহনাজ জাফারি, দ্বিতীয়জন মারজিয়ে রেজায়ি এবং তৃতীয়জন ইরানের নিষিদ্ধ কিংবদন্তি অভিনেত্রী কোবরা সায়িদি।
প্রথম দুজনের উপস্থিতি ছবিতে প্রত্যক্ষ থাকলেও কোবরা সায়িদি (শাহরজাদ নামে বেশি পরিচিত) ছবিটিতে আছেন পরোক্ষভাবে, আছে তাঁর নিজ কণ্ঠে আবৃত্তি। পানাহি তাঁর ছবির বিবৃতিতে লিখেছেন, এ ছবির মধ্য দিয়ে তিনি নারী অভিনয়শিল্পীদের তাঁর শ্রদ্ধা জানাতে চান। বিশ্বের প্রতিটি দেশে নারী অভিনয়শিল্পীদের প্রতি অনেকেরই আছে অবজ্ঞা ও তাচ্ছিল্যভরা দৃষ্টিভঙ্গি। সেটা বদলে দিতেই এই ছবি।
ছবি তৈরির পেছনে জাফর পানাহির সংগ্রাম ও কষ্টের গল্পগুলো ইরান থেকে কান পর্যন্ত উড়ে এসেছে। সংবাদ সম্মেলনে ছবির অভিনেত্রী বেহনাজ জাফারি জানান, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁরা থ্রি ফেসেস ছবিতে কাজ করেছেন। তিনটি গ্রামে হয়েছে এ ছবির শুটিং। সীমান্তবর্তী সেই গ্রামগুলোর একটি পানাহির বাবার জন্মস্থান, একটি তাঁর মায়ের, অন্যটি তাঁর দাদার। এসব জায়গায় লোকেরা পানাহিকে চেনেন এবং মানেন বলেই ঝুঁকি এড়াতে সেখানে শুটিং করা হয় থ্রি ফেসেস ছবির।

সংবাদ সম্মেলনে থ্রি ফেসেস¬ ছবির চিত্রসম্পাদক মাস্তানেহ মোহাজের বলেন, এখানে আসতে না পেরে ভেঙে পড়েছেন জাফর পানাহি। কিন্তু এই অনুপস্থিতির চেয়েও তাঁর জন্য সবচেয়ে বেদনার হলো দেশের মানুষকে ছবিটি দেখাতে না পারা। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি তাঁর প্রতিটি ছবিই বানান ইরানি দর্শকের কথা মাথায় রেখে।
নিষিদ্ধ ও গৃহবন্দী এই নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বেহনাজ জাফারি বললেন, ‘প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তায় থাকত, এই বুঝি অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটবে। যে গ্রামেই আমরা শুটিং করতে যেতাম, সেখানেই পুলিশ চলে আসত। আমাকে কেউ দেখলেই চিনে ফেলত, পানাহিকেও। তাই আমাকে দৃশ্য বুঝিয়ে দিয়ে পানাহি গাড়িতে গিয়ে বসে থাকতেন।’
এ ছবি তৈরির জন্য জাফর পানাহির মেয়ে সোলমাজ পানাহি তাঁর বাবার জন্য ফ্রান্স থেকে ইরানে একটি বিশেষ ক্যামেরা পাঠান। সেই ক্যামেরা দিয়েই পুরো থ্রি ফেসেস ছবিটি তৈরি হয়। এই ক্যামেরার সুবাদে জাফর পানাহিকে খুব বেশি সরঞ্জাম নিয়ে শুটিং করতে হয়নি। ছবিটির কাজ শেষ করতে পেরেছেন লোকচক্ষুর আড়ালে থেকেই।