উইল স্মিথের ঘরের খবর

ঘর ভাঙছে হলিউড তারকা উইল স্মিথের— এমন খবর বাতাসে ভেসে বেড়াচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। মনে হচ্ছিল, জাডা পিনকেটের সঙ্গে বুঝি স্মিথের ছাড়াছাড়ির বিষয়টা এখন শুধু সময়ের ব্যাপার। পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম আর টেলিভিশনে এ নিয়ে অনেক গল্পই ফাঁদা হয়েছে। কিন্তু উইল স্মিথ বরাবরই বলে আসছিলেন, এ সব রটনার কোনো ভিত্তি নেই। স্ত্রীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হওয়ার কোনো কারণ নেই।
এবার বিপদে পড়েছেন রটনাকারীরা। গত রোববার নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁর সামনে হঠাৎ অন্তরঙ্গ ভঙ্গিমায় দেখা গেছে স্মিথ-জাডা দম্পতিকে! যখন রেস্তোরাঁর সামনে কথা বলছিলেন পরস্পর, তখন দুজনের ঠোঁটেই ছিল হাসি। সে হাসিতে রোমান্স ছিল। সেদিন কয়েকজন বন্ধুর সঙ্গে তাঁরা এই রেস্তোরাঁতেই দুপুরের খাবার খেয়েছিলেন।
গত মাসেই একবার এ দম্পতির বিচ্ছেদ-বিষয়ক রসালো খবর ছাপা হয়েছিল পত্রিকায়। তখনই উইল স্মিথ এ রটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন। ‘পারসুয়েট অব হ্যাপিনেস’ তারকা নিজ সংসারে সুখী— এটা তাঁর ভক্তদের জন্য সত্যিই এক আনন্দের খবর। মিড-ডে।