উইলিয়ামসের ভুয়া ভিডিও
সামাজিক যোগাযোগের সাইটগুলোয় আলোড়ন তুলেছিল একটা ভিডিও। আত্মহত্যার আগে রবিন উইলিয়ামস নাকি তাঁর আইফোনে ভক্তদের জন্য একটা বিদায়ী বার্তা রেকর্ড করেছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। কিন্তু এখন জানা যাচ্ছে, ভিডিওটি আদৌ উইলিয়ামসের নয়। পুরোপুরিই ভুয়া।
সাধারণত মানুষের কৌতূহল কাজে লাগিয়ে বিভিন্ন পণ্যের প্রচারণা বা স্প্যাম ছড়ানোর জন্য এ ধরনের ভিডিও ছাড়া হয়। এই ভিডিওর ক্ষেত্রেও দেখা গেছে, তাতে ক্লিক করলে প্রথমে সেটি শেয়ার করতে বলা হয় এবং লিংকটা এরপর নিয়ে যায় একটা জরিপে। বলা হয়, আগে জরিপে অংশ নিন, তারপর দেখতে পাবেন ভিডিওটি।
এখানেই লুকিয়ে আছে রহস্য। এই জরিপের মাধ্যমে ভুয়া ভিডিও যারা ছেড়েছে, তারা টু-পাইস কামিয়ে নিচ্ছে। ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ফেসবুকে মানুষ তাদের পরিচিত বন্ধুদের ভিডিওটি শেয়ার করতে দেখছে, একারণে তারাও প্রতারিত হচ্ছে। এ ধরনের লিংকে ভেবেচিন্তে ক্লিক করার পরামর্শ দিয়েছেন তাঁরা। আইএএনএস।