উডলি গ্রেপ্তার

তারকাদের গ্রেপ্তার বা জেল-জরিমানার খবর নতুন নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা এমন খবরের শিরোনাম হন নেতিবাচক কারণে।
শেইলিন উডলির গ্রেপ্তার হওয়ার খবরটা কিন্তু একেবারেই অন্য কারণে। আমেরিকার আদিবাসীদের হয়ে লড়াই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তিনি। এক মাসের জেলের পাশাপাশি দেড় হাজার ডলার জরিমানাও হতে পারে তাঁর।
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় এক প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার করা হয়েছে দ্য ফল্ট ইন আওয়ার স্টারস ছবির এই তারকাকে। ডাকোটা অ্যাকসেস পাইপলাইন নামের এক বিশাল প্রকল্পে চারটি রাজ্যজুড়ে তেলের পাইপলাইন বসানোর কাজ চলছে। এই প্রকল্পের বিরুদ্ধে পরিবেশবাদী ও ক্ষুদ্র জাতিসত্তার লোকজন দৃঢ় অবস্থান নিয়েছেন। ৩০০ জন মানুষ নিয়ে প্রতিবাদ কর্মসূচি চলার সময় ফেসবুকে লাইভ করছিলেন উডলি। এ সময় পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। পরে সেই ভিডিও ২৫ লাখেরও বেশিবার দেখা হয়।
এই প্রকল্প যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন আনবে বলা হলেও পরিবেশবাদীদের দাবি, এতে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনও এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই প্রকল্পের নির্মাণকাজের জন্য, ঐতিহাসিক কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে বলে। বিবিসি।