উত্তর দেবেন না টম হিডলস্টোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হিডলস্টন-টেলর সুইফট
টম হিডলস্টন-টেলর সুইফট

টম হিডলস্টোন আর টেলর সুইফটের প্রেমের খবর এখন আর কারও অজানা নয়। আর তাঁরাও যে এ বিষয়ে খুব লুকোচুরি করছেন, তা–ও তো বলা যাবে না। কারণ, তাঁরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এখানে–সেখানে। কিন্তু দুজনের কেউই এখন পর্যন্ত এ নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি। সম্প্রতি অস্ট্রেলিয়ার রাস্তায় জগিং করার সময় এক সাংবাদিকের খপ্পরে পড়েন টম। সে সময় হুট করেই সুইফট সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়।

‘থর : র‍্যাগনারক’ সিনেমার শুটিং করতে টম হিডলস্টোন এখন অস্ট্রেলিয়ায় আছেন। এই ভ্রমণে তাঁর সঙ্গিনী কথিত প্রেমিকা টেলর সুইফট। এই অভিনেতাকে রাস্তায় দেখতে পাওয়ামাত্রই সাংবাদিক জানতে চান, ‘টেলরের সঙ্গে তাঁর কী চলছে?’ সেই প্রশ্নের জবাব না দিয়ে টম বলেন, নিজের কাজ ছাড়া অন্য আর কোনো বিষয়ে তিনি কথা বলতে চান না। কিন্তু সেই সাংবাদিকও নাছোড়বান্দা। আবারও জানতে চান, ‘অস্ট্রেলিয়া সফর টেলর কেমন উপভোগ করছেন?’ টম তখন লাজুক হেসে বলেন, ‘এই প্রশ্নের উত্তরও আমি দেব না।’
এই প্রথম কোনো গণমাধ্যমে টমের কাছে টেলর সম্পর্কে জানতে চাওয়া হলো। অবশ্য কয়েক দিন পরপরই তাঁদের অভিসারের ছবি পাপারাজ্জিদের কল্যাণে যে হারে ছড়িয়ে পড়ছে, তাতে কদিন মুখে কুলুপ এঁটে টম বসে থাকতে পারেন তা দেখা যাবে। মিরর