উদ্বেগ দূর করার উপায় জানালেন জেনার
কাজের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার অবস্থা মার্কিন মডেল ও অভিনেত্রী কেন্ডল জেনার। কয়েক দিন আগেও রাতে হঠাৎ ভয়ে শক্ত হয়ে গিয়েছিলেন তিনি। একটা সময় পর্যন্ত মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ ভুগতে হয়েছে তাঁকে। এখন তিনি শিখে ফেলেছেন, কীভাবে মনটাকে সামলে রাখা যায়।
উদ্বেগ ও হতাশা যেন বিনোদন অঙ্গনের তারকাদের সাধারণ ব্যাধিতে পরিণত হয়েছে। আকাশ থেকে খসে পড়ার ভয় তো আছেই, তার সঙ্গে প্রতিযোগিতা আর কাজের চাপ যেন তাঁদের সব সময় তাড়িয়ে বেড়ায়। জেনার বলেন, ‘আমার হঠাৎ সেদিন প্যানিক অ্যাটাক হলো। আমি দ্রুত একটা বই টেনে নিলাম। আর কী হচ্ছিল, সবকিছু ভুলে গেলাম। উদ্বেগ দূর করার এটা একটা ভালো উপায়।’
তিনি মনে করেন, সব রকম আবেগ-অনুভূতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। জেনার বলেন, ‘পুরোনো ভিডিওগুলোতে দেখবেন আমি অকারণেই রেগে যেতাম। এখন কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছি। বাঁচার জন্য আমাকে এটা রপ্ত করতে হয়েছে।’
মানসিক স্বাস্থ্য নিয়ে আগেও কথা বলেছেন জেনার। তিনি বলেছিলেন, ‘প্রায়ই আমার হাঁসফাঁস লাগত। মনে হতো এক্ষুনি বুঝি হার্টফেল করব, দৌড়ে হাসপাতালে চলে যাই। শ্বাস বন্ধ হয়ে আসছিল, শরীর অবশ হয়ে আসছিল, মনে হচ্ছিল মরে যাচ্ছি।’ লোকে অবশ্য এসব বিশ্বাস করতে চায় না। ভাবে, তাঁর মতো তারকার এসব হয় নাকি! তাঁর এত দুশ্চিন্তা কিসের, কোত্থেকে আসে এত হতাশা? জেনার বলছেন, ‘আমি জানি আমি পরিপূর্ণ, দারুণ একটা জীবন কাটাচ্ছি, আমি একটা সৌভাগ্যবতী মেয়ে।’
জেনার বলেন, ‘পুরোনো ভিডিওগুলোতে দেখবেন আমি অকারণেই রেগে যেতাম। এখন কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছি। বাঁচার জন্য আমাকে এটা রপ্ত করতে হয়েছে।’
এর আগে কেন্ডল জেনারের মা বলেছিলেন মেয়ের উদ্বেগ ও হতাশা নিয়ে। কাজের চাপে কীভাবে এলোমেলো হয়ে যেত কেন্ডল। তিনি বলেন, ‘আমার ধারণা অতিরিক্ত কাজের চাপে তার উদ্বেগ সৃষ্টি হয়, বিশেষ করে ফ্যাশন উইক চলাকালে তাকে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়।’
প্রায়ই আমার হাঁসফাঁস লাগত। মনে হতো এক্ষুনি বুঝি হার্টফেল করব, দৌড়ে হাসপাতালে চলে যাই। শ্বাস বন্ধ হয়ে আসছিল, শরীর অবশ হয়ে আসছিল, মনে হচ্ছিল মরে যাচ্ছি।