পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চের দিকে দর্শকদের চোখ। তখনো আসন গ্রহণ করেননি বিচারক ও উৎসব পরিচালক। লালগালিচা পেরিয়ে দর্শক সারি পরিপূর্ণ হতে থাকে। দিনটা ছিল ৬ জুলাই, ফ্রান্সে তখন সন্ধ্যা ৭টা ২৫। ফ্রান্সের সঙ্গে আমাদের ৪ ঘণ্টার ব্যবধান। বাংলাদেশ সময় ঠিক রাত ১১টা ২৫ মিনিট।
৭৪তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার পরিচালক বং জুন হো। ‘প্যারাসাইট’ সিনেমার জন্য ২০১৯ সালে স্বর্ণপাম জয় করেন তিনি। মঞ্চে আরও উপস্থিত স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার, প্রধান বিচারক ও মার্কিন নির্মাতা স্পাইক লি ও মার্কিন অভিনেত্রী জোডি ফস্টার। এবারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফরাসি অভিনেত্রী দোরা তিলিয়ের। উদ্বোধনী অনুষ্ঠানে জোডি ফস্টারের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক স্বর্ণপাম।
করোনা কারণে এক বছর বিরতি নিয়ে আবারও মুখর হয়ে উঠেছে কান সৈকত। আগের মতোই লালগালিচায় হাঁটছেন তারকারা। মাস্ক ছাড়াই ফটোসেশনে অংশ নিচ্ছেন অনেক নির্মাতা ও অভিনেত্রী। তা ছাড়া প্রতিদিন যেহেতু করোনা পরীক্ষা করা হয়, অনেকেই তাই সঙ্গে মাস্ক রাখলেও মুখে ব্যবহার করছেন না। তবে করোনা নিয়ে সতর্ক কান উৎসব কর্তৃপক্ষ।
অতিথিদের মধ্যে প্রথম লালগালিচায় হাঁটে মার্কিন নির্মাতা স্পাইক লির নেতৃত্বে বিচারকদের দল। তারপর পা রাখেন উদ্বোধনী সিনেমা ‘অ্যানেত’-এর কলাকুশলীরা। বিচারকেরা সংবাদ সম্মেলনে অংশ নেন। এই দলে ছিলেন সেনেগালের-ফরাসি পরিচালক মাতি দিওপ, কানাডিয়ান-ফরাসি সংগীতশিল্পী মিলেন ফারমা, আমেরিকান অভিনেত্রী ম্যাগি জিলেনহাল, অস্ট্রিয়ার পরিচালক জেসিকা হাউসনা, ফরাসি অভিনেত্রী মেলানি ল্যঁহো, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলিও, ফরাসি অভিনেতা তাহের রহিম এবং দক্ষিণ কোরিয়ার অভিনেতা সঙ কাঙ-হো।
কান উৎসবের পরিচালক থিঁয়েরি ফ্রেমো সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে হাত তালির মাধ্যমে বিচারকদের স্বাগত জানান। জানিয়ে দেন, ‘আমরা আবার ফিরেছি।’ সংবাদ সম্মেলনে নির্বাচিত সিনেমা, বিশ্ব সিনেমার ভবিষ্যৎ, সিনেমাগুলোর বিপণন, উৎসবের সিনেমার ওটিটিতে মুক্তিসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন-উত্তর চলে।
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তারপর শুরু হয় উদ্বোধনী ছবি ‘অ্যানেত’ দেখানোর পর্ব। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সের পরিচালক লিওঁ কারা। সেই সময় প্রিমিয়ারে অংশ নেন মারিয়ঁ কতিলা, অ্যাডাম ড্রাইভার, রাসেল মেল এবং রন মেল, ক্যান্ডিস সোনপোলসহ আরও অনেকে।
উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত। ২৪টি সিনেমা এবার স্বর্ণপামের জন্য প্রতিযোগিতা করছে। সমাপনী দিন স্বর্ণপামজয়ী ছবির নাম ঘোষণা করা হবে। সেই সিনেমাটি প্রদর্শনের মধ্য দিয়েই শেষ হবে উৎসব।