উমা থারম্যানের সঙ্গে অভিনয়ে ধানুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানুশ ও উমা থারম্যান
ধানুশ ও উমা থারম্যান

‘কিলবিল’খ্যাত হলিউডের অভিনেত্রী উমা থারম্যানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ‘কোলাভেরি’খ্যাত সংগীতকার ও অভিনেতা ধানুশ। ছবিটির নির্মাতা মার্জান সাত্রাপি। ভারতীয় চলচ্চিত্রের তারকা প্রিয়াঙ্কা, দীপিকা পাডুকোনের পর এই প্রজন্মের অভিনয়শিল্পী হিসেবে এবার হলিউডের ছবিতে অভিষেক হতে যাচ্ছে ধানুশের।
কিন্তু ধানুশকে কেন এই চলচ্চিত্রের জন্য চূড়ান্ত করলেন? এমন প্রশ্নে নির্মাতা মার্জান বলেছেন, ‘আমি অনেক ভারতীয় ছবিই দেখেছি। কিন্তু সবকিছু ছাপিয়ে ধানুশের বুদ্ধিমত্তা, অসাধারণ হাসি, যেকোনো চরিত্রে নিজের মিশে যাওয়ার ক্ষমতা...আমি আরও বলতে পারি... যা-হোক, আমার মনে হয়েছে ধানুশকেই আমার দরকার।’
মার্জানের এ ছবিটির নামও বেশ দীর্ঘ ও আকর্ষণীয়। এ ছবির নাম রাখা হয়েছে ‘দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অব দ্য ফকির হু গট ট্র্যাপড ইন আ আইকিয়া কাবার্ড’।
৩২ বছর বয়সী অভিনেতা ধানুশ এ ছবিতে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন একজন ফকিরের চরিত্রে অভিনয় করবেন।
ধানুশ সর্বশেষ বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘শামিতাভ’ ছবিতে অভিনয় করেছিলেন। এই শক্তিমান অভিনেতা জাতীয় পুরস্কার পান ২০১০ সালে, ‘আদুকালাম’ ছবিতে অভিনয়ের জন্য।
এ ছাড়া ২০১৪ সালে দ্বিতীয় জাতীয় পুরস্কারটি ঘরে তোলেন একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে। ধানুশ প্রযোজিত ‘কাআকা মুত্তাই’ ছবির জন্য তিনি এ পুরস্কারটি পান। টাইমস অব ইন্ডিয়া।