এ কেমন বিয়ে!

সম্পাদনা কক্ষে কাজ করছিলেন তিনি। অদূরেই ছিলেন ব্র্যাড পিট। পিটও তাঁর নিজের কাজে মগ্ন। এমন সময় একজন সহকারী ঢুকলেন সেখানে। বাড়িয়ে ধরলেন একটা কাগজ। তাতে সই করে দিলেন দুজনে। ব্যস, হয়ে গেল বিয়ে! সহকারী বললেন, ‘এই নিন আপনাদের বিয়ের লাইসেন্স।’
তারকাদের বিয়ে তাঁদের মতোই ঝলমলে। বিলাসবহুল কোনো প্রাসাদ কিংবা দ্বীপে। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির বিয়েটা হয়েছে একেবারেই উল্টো। কাজ করতে করতে পিট আর তিনি কাগজে সই করে দেন, ব্যস, ‘ঝামেলা’ শেষ! জোলি তাই মজা করে বলছেন, পৃথিবীর সবচেয়ে অনাড়ম্বর আর সাদামাটা বিয়ের বিশ্ব রেকর্ড হয়তো করে ফেলেছেন তিনিই।
বিয়েতে যাজকের বদলে ছিলেন ‘জাজ’, মানে বিচারক। তিনি নিজে এসেছিলেন জোলি-পিটের কাছে। ঘরে ঢুকতেই পিট বলেন, ‘আমরা কি দুজনে দাঁড়াব?’ বিচারক বলেন, ‘না না, তার দরকার নেই।’
দীর্ঘদিন প্রেম করার পর বিয়েটা করবেন না বলেই যখন মনে হচ্ছিল, সে সময়ই জোলি আর পিট বিয়ে সেরে ফেলেন। বিয়ের অনুষ্ঠান ঝলমলে হওয়ার কী দরকার, সম্পর্কটা ঝলমলে হলেই তো হলো!
ই অনলাইন।