এ বছরই 'র্যাম্বো: লাস্ট ব্লাড'

জনপ্রিয় ‘র্যাম্বো’ সিরিজের শেষ ছবি আসছে—এ খবর অনেক পুরোনো। সেই ২০০৮ সালে ‘র্যাম্বো’ সিরিজের চতুর্থ ছবি মুক্তির সময়ই এ খবর জানিয়েছিলেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। নতুন খবর হলো, ছবির চিত্রনাট্যের কাজ শেষ করছেন তিনি। এ বছরই আবার ক্যামেরার সামনে আসবে ‘র্যাম্বো’। শুটিং হবে বুলগেরিয়ায়।
গেল সপ্তাহে এক টুইটে সিলভেস্টার স্ট্যালোন লিখেছেন তাঁর নতুন বছরের শুটিং পরিকল্পনার কথা। তিনি লেখেন, ‘দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেগ স্কারপার জীবনী নিয়ে স্কারপা ছবির কাজ শুরু করব। তবে তা হবে র্যাম্বো: লাস্ট ব্লাড-এর পর।’
পঞ্চম সংস্করণের নাম লাস্ট ব্লাড দেওয়ার কারণ হলো, ১৯৮২ সালে র্যাম্বো: ফার্স্ট ব্লাড নামে মুক্তি পায় এ সিরিজের প্রথম ছবি। তাই ‘র্যাম্বো’র গল্প শেষ করতে লাস্ট ব্লাড নামটিকেই বেছে নিয়েছেন ছবির নির্মাতা ও অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। নিউইয়র্ক ডেইলি নিউজ