এ বাঁধন গেল না ছিঁড়ে...

বিয়ের ১০ বছর পূর্তি হলো। ঠিক এক দিন পরই জানিয়ে দিলেন, এক ছাদের নিচে আর ভালো লাগছে না তাঁদের। বেন অ্যাফ্লেক ও জেনিফার গারনার ভেঙে দিলেন নিজেদের সংসার। এটি ছিল ২০১৫ সালের কথা। এর মাঝে কেটে গেছে দুই বছর। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর শোনা যায়নি; বরং দুজনের মুখে ছিল পরস্পরের প্রতি ভালোবাসার কথা। এবার শোনা গেল, চিড় ধরছে না সম্পর্কে। বিচ্ছেদকে বিদায় জানিয়ে আবার তাঁরা থাকবেন একই ছাদের নিচে।
তবে এ শুধু নিজেদের ভালোবাসার জন্যই নয়, সন্তানদের জন্যও বিচ্ছেদ চাইছেন না তাঁরা। এ জুটির একটি সূত্র জানায়, এক হওয়ার একটা সুযোগ তো সব সময়ই থাকে। তাঁরা নিজেদের খুব ভালোবাসেন। আর বাচ্চাদের বেলায় তো কথাই নেই।
এই তো কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে উপস্থিত সবাই। ছেলে স্যামুয়েলের পঞ্চম জন্মদিন পালনের আয়োজন ছিল সেদিন। ছিল মেয়ে ভায়োলেট ও সেরাফিনা। তাঁরা সবাই মিলে কেক কাটেন। শুধু তা-ই নয়, সবাই মিলে ছুটি কাটানোর পরিকল্পনাও করছেন এ যুগল। বেন অ্যাফ্লেক এক সাক্ষাৎকারে সন্তানদের এই ভালোবাসার দিকটিই যেন বললেন, ‘আমি আমার সন্তানদের স্কুলে পৌঁছে দিতে ও নিয়ে আসতে খুবই পছন্দ করি। ওরা বাবাকে কাছে পাচ্ছে। এটা বেশ সুখের একটা ব্যাপার।’ পিপল।