এক জীবনের ভালোবাসা

হলিউডের তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার গারনারের বিয়ের সম্পর্কটা টেকেনি। দুজনের ছাড়াছাড়িও হয়ে গেছে অনেক দিন হলো। গত বছরের জুন মাসে বিয়ের ১০ বছর পূর্তির ঠিক এক দিন পরই বিচ্ছেদ ঘটে। তবুও ঠিক যেন আগের মতোই বেনকে ভালোবাসেন জেনিফার গারনার। সম্প্রতি এক প্রতিবেদনে হলিউড রিপোর্টার জানিয়েছেন, ৪৩ বছর বয়সী অভিনেত্রী জেনিফার গারনার ও ‘ব্যাটম্যান’ বেন অ্যাফ্লেক একসঙ্গে না থাকলেও; জেনিফার গারনার মনে করেন, বেনই তাঁর এই জীবনের একমাত্র ভালোবাসা। সে জায়গাটি আর কেউ-ই কখনো নিতে পারবে না।
এ প্রসঙ্গে জেনিফার বলেছেন, ‘আমি তো ছবির কোনো তারকাকে বিয়ে করিনি! আমি ওকেই বিয়ে করেছিলাম। পেছনে ফিরে যাওয়া সম্ভব হলে; আমি ওই কাজটিই আবারও করতাম। ও আমার এক জীবনের ভালোবাসা। কিন্তু তাতে কী? ও একজন বুদ্ধিমান, অনন্যসাধারণ প্রতিভার অধিকারী, উদার মানুষ।’ তিনি বলেন, ‘শুধু একটু জটিল স্বভাবের।’
কিন্তু, এত প্রেমের পরেও এই বিবাহবিচ্ছেদের পেছনে অন্য কারও কোনো ভূমিকা আছে কি না, বিশেষ করে যাকে নিয়ে কানাঘুষা চলছে, ২৮ বছর বয়সী সেই ক্রিস্টিন ওজোনিয়ানের কোনো প্রভাব কাজ করেছে কি না—জানতে চাইলে বিষয়টিকে পুরোপুরি অস্বীকারই করেছেন গারনার। তিনি কাউকেই দোষ দিতে চান না। তিন সন্তানের জননী জেনিফার বলেছেন, ‘ক্রিস্টিন সম্পর্কে জানারও কয়েক মাস আগেই তাঁদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। কাজেই এই বিচ্ছেদের পেছনে সে কোনো ভূমিকাই রাখেনি। এমনকি সে আমাদের সমীকরণের অংশও ছিল না কোনো দিন।’
এ বছরের ১৮ মার্চ জেনিফার গারনারের নতুন ছবি ‘মিরাকলস ফ্রম হেভেন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে দেব দুলাল গুহ।