এক নবীনের হাতে স্বর্ণপাম

পুরস্কারের ছবি বাছাইয়ের ক্ষেত্রে অঘটন ঘটানো কানের পুরোনো ঐতিহ্য। আলোচিত সব ছবিকে পাশ কাটিয়ে এখানে পুরস্কার জিতে নেয় অপ্রত্যাশিত কোনো ছবি, চরিত্র। এবারও সে রকম হয়েছে। হেভিওয়েটদের পাশ কাটিয়ে স্বর্ণপাম জিতে নিয়েছে অপেক্ষাকৃত নবীন এক পরিচালক। প্রথম সারির পুরস্কারগুলো নিয়ে আমাদের এবারের আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেঁদেই ফেলেছেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন, পরিচালক জুলিয়া দুকুরনো, পাশে অভিনেত্রী আগাথ রুসেল। ছবি: এএফপি

স্বর্ণপাম
তিতান, ফ্রান্স

২৮ বছর পর কান চলচ্চিত্র উৎসবে নতুন ইতিহাসের জন্ম দিলেন জুলিয়া দুকুরনো। দ্বিতীয় নারী হিসেবে তাঁর সিনেমা তিতান জয় করেছে স্বর্ণপাম। ১৯৯৩ সালে পিয়ানো দিয়ে কানে প্রথম কোনো নারী হিসেবে স্বর্ণপাম জয় করেন জেন ক্যাম্পিয়ন। মাঝখানে অবশ্য ব্লু ইজ দ্য ওয়ারমেস্ট কালার ছবির জন্য আব্দুললতিফ কাচিচের সঙ্গে স্বর্ণপাম ভাগাভাগি করেন তাঁর ছবির দুই অভিনেত্রী লি সেদ্যু আর আদেল এক্সারকোপোলোস। তবে এই লিঙ্গপরিচয়কে বেশি গুরুত্ব দিতে চান না জুলিয়া, যেমনটা পুরস্কার গ্রহণ করার সময়ই বলেছেন খোলাখুলি, ‘যে পুরস্কারটা আমি পেয়েছি, আশা করি তার সঙ্গে আমার নারী হওয়ার কোনো সম্পর্ক নেই। যেহেতু আমি এই পুরস্কার গ্রহণকারী দ্বিতীয় নারী, জেন ক্যাম্পিয়নের কথা খুব মনে পড়ছে, কেমন লেগেছিল তাঁর!’

এই বছর স্বর্ণপামের জন্য প্রতিযোগিতা করে ২৪টি সিনেমা। তালিকায় ছিলেন পল ভারহোভেন, ওয়েস অ্যান্ডারসন, লিওঁ কারা, আসগর ফারহাদি, অ্যাপিচাটপং বিরাসেতাকুলের মতো তুখোড় সব নির্মাতা।

জুলিয়ার কানভাগ্য অবশ্য প্রথম থেকেই ভালো। স্বল্পদৈর্ঘ্য ছবি জুনিয়র দিয়ে তাঁর নির্মাণ ক্যারিয়ার শুরু। প্রথম ছবি দিয়েই ২০১১ সালে কানে তিনি জিতে নেন ‘স্মল গোল্ডেন রেইল’ পুরস্কার। পরের বছর ২০১২ সালে ভার্জিল ব্রামলির সঙ্গে তৈরি করেন মজ নামে একটি টেলিভিশন সিনেমা। ৪ বছর বিরতি দিয়ে ২০১৬ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য গ্রেভ। সিনেমাটি সেই বছর কানের ‘ক্রিটিকস উইক’ বিভাগের চারটি শাখায় মনোনয়ন পায়, আর জিতে নেয় ফিপরেস্কি পুরস্কার।

২০১৯ সালে তিতান সিনেমাটির ঘোষণা দেন জুলিয়া। পরের বছর এপ্রিলে শুটিং শুরুর আগেই শুরু হয় করোনা। গত বছর সেপ্টেম্বরে জুলিয়া সিনেমার মূল শুটিং শুরু করেন। কোভিডের কারণে বারবার কাজে বাধা আসে। তিতান অমীমাংসিত কিছু অপরাধের ঘটনা নিয়ে শুরু। হঠাৎ করেই ১০ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পায় এক বাবা। ১ ঘণ্টা ৪৮ মিনিটের সিনেমাটির পরতে পরতে রহস্য। সিনেমাটির বাজেট ৫৭ লাখ ইউরো। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা ভিনসেন্ট লন্ডন ২০১৫ সালে কানের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন।

আসগর ফারহাদি ও ইউহো কুওসমানেন। ছবি: এএফপি

গ্রাঁ প্রি
আ হিরো, আসগর ফারহাদি, ইরান ও কম্পার্টমেন্ট নম্বর সিক্স, ইউহো কুওসমানেন, ফিনল্যান্ড

তিন–তিনবার স্বর্ণপামের জন্য মনোনয়ন পেয়েছেন আসগর ফারহাদি, একবারও কপালে শিকে ছেঁড়েনি। ২০১৬ সালে দ্য সেলসম্যান-র জন্য পেয়েছিলেন সেরা চিত্রনাট্যের পুরস্কার। সর্বশেষ এভরিবডি নোজ দিয়ে ২০১৮ সালে কানে অংশ নেন, সেবারও কোনো পুরস্কার জোটেনি। তিন বছর পরে আ হিরো দিয়ে যৌথভাবে গ্রাঁ প্রি জিতলেন ফারহাদি। দেনার দায়ে জেলে যায় রহিম। দুই দিনের জন্য ছাড়া পেয়ে আংশিক ধার শোধ করার শর্তে পাওনাদারকে অভিযোগ প্রত্যাহারে রাজি করায়। কিন্তু পরিকল্পনামাফিক সবকিছু ঘটে না।

গ্রাঁ প্রি-জয়ী আরেক ছবি কম্পার্টমেন্ট নম্বর সিক্স-এর পরিচালক ফিনল্যান্ডের ইউহো কুওসমানেন। কম্পার্টমেন্ট নম্বর সিক্স ট্রেনের একটি কামরার নম্বর। ভিন্ন জগতের দুজন অপরিচিত নারী-পুরুষ এই কামরায় মুখোমুখি হন। এই যাত্রা জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। মস্কোয় সিনেমাটির শুটিং করতে চেয়েছিলেন ইউহো কুওসমানেন। কোভিডের কারণে পরিকল্পনা বাতিল করে সেন্ট পিটার্সবার্গে শুটিং করেন। ২০০৮ সালে ছাত্র থাকা অবস্থায় তিনি স্বল্পদৈর্ঘ্য ছবি রোডমেকার্স নিয়ে কানে অংশ নেন। পরেরবার তিনি দ্য পেইন্টিং সেলার বানিয়ে সিনেফাউন্ডেশন বিভাগে পুরস্কার জয় করেন। প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা দ্য হ্যাপিয়েস্ট ডে ইন দ্য লাইফ অব ওলি মাকি বানিয়ে আঁ সার্তেঁ রিগায় সেরার পুরস্কার জয় করেন। কম্পার্টমেন্ট নম্বর সিক্স এ বছর তিনটি বিভাগের প্রতিযোগিতা করে।