এক বছরের ছুটি

ক্লান্ত হয়ে পড়েছেন হলিউড তারকা ম্যাট ডেইমন। একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ শুরু করে হাঁপিয়ে উঠেছেন তিনি। এবার ছুটি চান। এক সপ্তাহ বা এক মাস নয়। জানিয়েছেন, এক বছরের ছুটিতে যাবেন তিনি। এ বছরটা গেলেই শুরু হবে তাঁর বর্ষকালব্যাপী ছুটি।
কাজের ফিরিস্তি নিয়ে ম্যাট বলেছেন, ‘একসঙ্গে অনেকগুলো চরিত্রে কাজ করেছি। চার চারটি ছবি মুক্তির অপেক্ষায়। কাজ চলছে আরও একটির।’ শুটিংয়ে যেখানেই যাচ্ছেন, সঙ্গে নিয়ে যাচ্ছেন পুরো পরিবার। ম্যাটের এই দৌড়ঝাঁপ নিয়ে কোনো অভিযোগ নেই ঘরের লোকদের। তাঁদের সম্পর্কে বলতে গিয়ে ম্যাট বলেছেন, ‘তাঁরা বেশ কর্মঠ, বলতে হবে ভালো পর্যটক। কিন্তু আমি অধীর হয়ে আছি কবে কাজগুলো শেষ হবে। তাঁদের জন্যই একটা বছর ছুটি নিতে চাই।’
আপাতত ‘জেসন বোর্ন’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ম্যাট ডেইমন। এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে ছবিটি। তাঁর পরের ছবি ‘দ্য গ্রেট ওয়াল’ ইতিমধ্যে পড়েছে দারুণ সমালোচনার মুখে। অন্য একটি ছবি ‘ডাউনসাইজিং’-এর কাজ চলছে। মিড ডে