এক মঞ্চে কঙ্গনা ও অপরাহ্, থাকবেন মিশেল ওবামাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাহ্ উইনফ্রে, মিশেল ওবামা ও কঙ্গনা রনৌত
অপরাহ্ উইনফ্রে, মিশেল ওবামা ও কঙ্গনা রনৌত

এক মঞ্চে দেখা যাবে কঙ্গনা রনৌত ও অপরাহ্ উইনফ্রেকে। বলিউড অভিনেত্রী ও আমেরিকান উপস্থাপকের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন আমেরিকার সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও। বিশ্বজুড়ে মহাত্মা গান্ধীর আদর্শ ও দর্শন ছড়িয়ে দেওয়ার একটি প্রচারাভিযানমূলক অনুষ্ঠানে দেখা যাবে তাঁদের।

প্রচারাভিযানটির নাম ‘গান্ধী গোয়িং গ্লোবাল’। গান্ধীর আদর্শ প্রচারের এই অনুষ্ঠানে থাকবে নানা কর্মসূচি। শিক্ষামূলক অনুষ্ঠান, প্রেরণামূলক আলোচনা ও সাংস্কৃতিক পর্ব তার মধ্যে উল্লেখযোগ্য। আমেরিকার নিউ জার্সিতে অনুষ্ঠানটি হবে আগামী ১৮ ও ১৯ আগস্ট। ভারত ও আমেরিকার প্রচুর অতিথি এখানে উপস্থিত থাকবেন। পাঁচ শরও বেশি বেসরকারি সংগঠন, চার শরও বেশি বিশ্ববিদ্যালয় এবং এক শরও বেশি স্কুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তা ছাড়া ২৫ হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন দুই দিনে।

কঙ্গনা রনৌত অংশগ্রহণ করবেন ভারতীয় প্রতিনিধি হিসেবে। অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘মিশেল ও অপরাহ্র সঙ্গে মঞ্চ ভাগাভাগি অনুপ্রেরণাদায়ী একটি বিষয়। আমি কখনোই কারও ভক্ত নই, কিন্তু অপরাহ্র মতো নারীদের আমি সম্মান করি এবং শ্রদ্ধা করি।’

গত বছর সিমরান ছবিটি করে খুব একটা সাড়া জাগাতে পারেননি কঙ্গনা রনৌত। তবে নানা বিতর্কে ছিলেন আলোচনায়। তাঁকে সামনে দেখা যাবে ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে। বলিউড হাঙ্গামা