একটি বিবাহোত্তর পরাবাস্তবতা

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই নিউইয়র্ক সেন্ট্রাল পার্কে চলে এসেছিলেন এলিজাবেথ ও রায়ান। পরনে বিয়ের ধবধবে সাদা গাউন ও কালো স্যুট। বিয়ের পোশাকে ছবি তোলাই তো বিয়ের সবচেয়ে কাঙ্ক্ষিত কাজ। ছবি তুলতেও শুরু করেন আলোকচিত্রী মিস মিলার। হঠাৎ করেই তাঁর ফ্রেমে ঢুকে পড়েন একজন পথচারী। জগিং করতে করতে হঠাৎ এলিজাবেথদের কাছে এসে খুলে ফেলেন টুপি ও রোদচশমা। বলেন, ‘হাই, আমি টম হ্যাঙ্কস। তোমাদের অভিনন্দন।’
এটি গত শনিবার সকালের ঘটনা। জগিংয়ের সময় পার্কে দেখা নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে নিজেই এগিয়ে গিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজেই বলেছেন, তোমাদের সঙ্গে একটা সেলফি তুলব। এমনকি নববধূর ডান হাতটা ঠোঁটের কাছে নিয়ে করেছেন আশীর্বাদ-চুম্বন। বিস্ময় ও আনন্দে হতবাক বর রায়ানের পুরো ব্যাপারটিকে মনে হয়েছে একটি পরাবাস্তব ঘটনা।

টম নিজের ফোনে তোলা সেলফিটি টুইটারে শেয়ার করলে চমৎকৃত হন তাঁর ১ কোটি ২০ লাখ অনুসারী। অনলাইনে দারুণ আলোচিত হয় ঘটনাটি। রীতিমতো তারকা হয়ে যান ওই নবদম্পতি ও তাঁদের বিয়ের আলোকচিত্রী। হাওয়াইয়ের একটি সৈকতে মধুচন্দ্রিমায় গিয়েও তাঁরা টের পান—তাঁরা তারকা হয়ে গেছেন। এ রকমই এক বিস্ময়কর ঘটনা ছিল ‘ফরেস্টগাম্প’ ছবিতে। ফরেস্ট গাম্প অর্থাৎ টম হ্যাঙ্কস দৌড়েছেন, পেছনে জুটে গিয়েছিল শত শত ভক্ত। বাস্তবে পার্কে দৌড়াতে গিয়েও পাওয়া দু্ই ভক্তর নতুন জীবনকেও স্মৃতিময় করে ফেললেন খ্যাতিমান অভিনেতা টম হ্যাঙ্কস। বিবিসি।