একটি রোবট, একটি কুকুর ও ফিঞ্চ
সৌর বিপর্যয়ে বাসের অনুপযোগী হয়ে উঠেছে পৃথিবী। কুকুর গুডইয়ারকে নিয়ে মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছেন রোবটিকস ইঞ্জিনিয়ার ফিঞ্চ। একে একে আসতে থাকে নতুন নতুন সব বিপদ। সেসব অভিজ্ঞতা নিয়েই ফিঞ্চ।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ফিঞ্চ ছবির ট্রেলার। সেখানে ইঞ্জিনিয়ার ফিঞ্চের চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী টম হ্যাংকস। তাঁর সঙ্গী লক্ষ্মী কুকুরটিকে নিয়ে তিনি পড়ে যান মহা দুশ্চিন্তায়। তিনি মারা গেলে গুডইয়ারের দেখাশোনা করবে কে? তাই তৈরি করেন জেফ নামের একটি রোবট। লুকানো একটি বাংকারে গুডইয়ার ও জেফকে নিয়ে থাকেন ইঞ্জিনিয়ার ফিঞ্চ। প্রায় এক দশক ওই বাংকারে আছে তারা। একটি প্রলয়ংকরী ঝড় থেকে বাঁচার জন্য শুরু হয় এই তিনজনের সংগ্রাম। সেই সঙ্গে তারা মোকাবিলা করে বৈরী আবহাওয়া, ভয়াবহ গরম, অতিবেগুনি রশ্মিসহ অপ্রত্যাশিত নানা চ্যালেঞ্জ।
৫ নভেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে ফিঞ্চ। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তারা। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির টেড ল্যাসো সিরিজটি রেকর্ড ভেঙে এ বছর সবচেয়ে বেশি এমি মনোনয়ন পেয়েছে।
ফিঞ্চ অ্যাপল টিভি প্লাসে টম হ্যাংকসের দ্বিতীয় ছবি। এর আগে সনির গ্রেহাউন্ড ছবিটিও পরিবেশন করেছিল তারা। সেখানেও অভিনয় করেছিলেন টম হ্যাংকস।