এক্সপেন্ডেবলস থেকে সরে দাঁড়াচ্ছেন স্ট্যালোন
পরিচালক, চিত্রনাট্যকার, কাহিনিকার—নানাভাবেই ‘দ্য এক্সপেন্ডেবলস’ সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন সিলভেস্টার স্ট্যালোন। এবার জানালেন, আর এই ফ্রাঞ্চাইজির সঙ্গে থাকছেন না তিনি। ‘দ্য এক্সপেন্ডেবলস ফোর’ ছবির শেষ দিনের শুটিংয়ে এক আবেগঘন মুহূর্তে এই ঘোষণা দেন তিনি।
স্ট্যালোনের হাত দিয়েই ‘এক্সপেন্ডেবলস’ ফ্র্যাঞ্চাইজির শুরু। ১২ বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন তিনি। এই হলিউড অভিনেতার কাছে এ সিদ্ধান্ত তাই হৃদয়বিদারক। স্ট্যালোন বলেন, ‘এবার জ্যাসন স্ট্যাথামের কাছে ব্যাটন দেওয়ার জন্য আমি প্রস্তুত।’
শেষে স্ট্যালোন জানান, তিনিও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন। তবে কী চ্যালেঞ্জ, তা কিছুই জানাননি। শোনা যাচ্ছে, সায়েন্স ফিকশনভিত্তিক ছবি ‘লিটল আমেরিকা’ও অ্যাকশন ছবি ‘সামারিটান’-এ অভিনয় করতে যাচ্ছেন স্ট্যালোন।
একদল ভাড়াটে খুনিকে নিয়ে ‘দ্য এক্সপেন্ডেবলস’ ফ্র্যাঞ্চাইজির গল্প। যাদের নেতা সিলভেস্টার স্ট্যালোন। দারুণ সব অ্যাকশন নিয়ে ২০১০ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু। সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে যুক্ত হন সব অ্যাকশন ঘরানার অভিনেতা। এই সিরিজে জ্যাসন স্ট্যাথাম, জেট লি, আর্নল্ড শোয়ার্জেনেগারের মতো তারকারাও আছেন। আগামী বছর মুক্তি পাবে ‘দ্য এক্সপেন্ডেবলস ফোর’।