এক্সপেন্ডেবলসে দুষ্টু বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টা-পাল্টা নানা কীর্তি ঘটিয়ে রীতিমতো ‘ব্যাড বয়’ তারকায় পরিণত হয়েছেন কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার। এবার জনপ্রিয় ‘এক্সপেন্ডেবলস’ সিরিজের চতুর্থ ছবিতে খল নায়ক হিসেবে দেখা যেতে পারে বিবারকে। কে জানে, বিবারের বাস্তব জীবনের নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই হয়তো তাঁকে ‘এক্সপেন্ডেবলস ৪’ ছবিতে নেতিবাচক চরিত্রে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ‘র্যাম্বো’ তারকা সিলভেস্টার স্ট্যালোন।

সিলভেস্টার স্ট্যালোন-জাস্টিন বিবার
সিলভেস্টার স্ট্যালোন-জাস্টিন বিবার



‘এক্সপেন্ডেবলস’ সিরিজের তিনটি ছবিতেই অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন। ২০১০ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম ছবি পরিচালনার দায়িত্বও পালন করেছেন হলিউডের ডাকসাইটে এ অ্যাকশন তারকা। সিরিজের পরবর্তী দুটি ছবি পরিচালনা না করলেও যৌথভাবে ছবিগুলোর চিত্রনাট্য লিখেছেন ৬৮ বছর বয়সী এ তারকা অভিনেতা। এরই মধ্যে সিরিজের পরবর্তী দুটি ছবি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলিস্টার ডটকম জানিয়েছে, ‘এক্সপেন্ডেবলস ৪’ ছবিতে তরুণ শিল্পীদের নিয়ে কাজ করে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান সিলভেস্টার স্ট্যালোন। ছবিটিতে বিবারকে খল চরিত্রে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। ছবিতে বিবারের অন্তর্ভুক্তি নিশ্চিত হলে ছবিটি ভালো ব্যবসা করবে বলেই মনে করছেন স্ট্যালোন। কারণ বিবার তুমুল জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তারকা।