এখনো প্রেমে বুঁদ নিকোল-কেইথ

হলিউডে মাত্র দুই দিনে বিয়ে ভেঙে যাওয়ার নজিরও আছে। সেখানে হলিউডের কোনো তারকা দম্পতি একসঙ্গে সুখে-শান্তিতে এক দশক কাটিয়ে দিলে সেটা তো খবর হবেই। এ বছর হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান তাঁদের বিয়ের ১০ বছর পার করছেন। নিকোল জানিয়েছেন, বিয়ের ১০ বছর পার হয়ে গেলেও তাঁরা নাকি এখনো একে অন্যের প্রেমে পাগল।
এই মাসের শেষ সপ্তাহে নিকোল-কেইথ দম্পতি দশম বিবাহবার্ষিকী পালন করবেন। এই প্রসঙ্গে নিকোল বলেন, ‘আমরা এখনো দুজন দুজনকে খুব ভালোবাসি। আমরা এখনো পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
এই যে ১০টা বছর একসঙ্গে কাটিয়ে দিলেন, তার অনুপ্রেরণা তাঁরা পেলেন কোথা থেকে? নিকোল আর কেইথের মা-বাবাই নাকি তাঁদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। কারণ, তাঁদের দুজনের মা-বাবাই বিয়ের ৫০ বছর পার করে ফেলেছেন।
২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে দুই মেয়ে—সানডে রোজ ও ফেইথ মার্গেট।
এর আগে অভিনেতা টম ক্রুজের সঙ্গে বিয়ে হয়েছিল নিকোল কিডম্যানের। ইয়াহু নিউজ