এখনো আঙুলে অঙ্গুরীয়!

স্ত্রী জেনিফার গারনারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। দশ বছরের সংসার। কত শত স্মৃতি, কত মুহূর্ত! মায়া বলেও তো একটা কথা আছে! নয় কী? নইলে কেনইবা এখনো আঙুলে বিয়ের আংটি পরে থাকবেন বেন অ্যাফ্লেক?
সম্প্রতি এক পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে গিয়েছিলেন বেন। সেখানেই অনেকের নজর পড়েছে তার দিকে। অধিকাংশেরই জানা ছিল বিবাহ বিচ্ছেদের বিষয়টি। সে কারণেই বিস্ময়। বেনের আঙুলে যে এখনো শোভা পাচ্ছে বিয়ের আংটিটা।
এদিকে, যুক্তরাজ্যের ফিমেল ফার্স্ট ডটকম জানিয়েছে, সন্তানদের প্রতি বেন ও তাঁর স্ত্রী গারনার; এ দুজনের নিষ্ঠা, দায়িত্ববোধ আর শ্রদ্ধার জায়গা থেকেই নাকি বেনের আঙুলে ছিল বিয়ের আংটি। কিন্তু কিছু বিষয় বোধহয় আসলে ব্যাখ্যাতীতই থেকে যায়। কে জানে, বেনের হৃদয়ে কোনো বেদনার স্মৃতি জেগে ছিল নাকি? কে জানে, হয়তো গারনারের সঙ্গে যাপিত সহস্র স্মৃতি-ভালো লাগা, যা তাঁর হৃদয়ে জেগে ছিল; আঙুলে বিয়ের আংটিটার থেকে যাওয়া হয়তো সে কারণেও হতে পারে।